বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বাণিজ্যমন্ত্রী জানান, বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানি কারক সমিতির (বিজিএমইএ) ২৮২টি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ১২৩টি কারখানা রয়েছে। বর্তমানে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর পূর্ণাঙ্গ নামের তালিকা সংগ্রহের কাজ চলছে।
কারখানা বন্ধের কারণ
তৈরি পোশাক কারখানা বন্ধ হওয়ার প্রধান কারণ হিসেবে বাণিজ্যমন্ত্রী বৈশ্বিক ও দেশীয় একাধিক সংকটের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে:
বিশ্বব্যাপী করোনা মহামারীর দীর্ঘমেয়াদী প্রভাব
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং মার্কিন-ইরান যুদ্ধ
আন্তর্জাতিক বাজারের মন্দা পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা
দেশের ভেতরের রাজনৈতিক অস্থিরতা
অর্থ পাচারের কারণে স্থানীয় ব্যাংকিং খাতে তীব্র তারল্য সংকট
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত ও ভিয়েতনামের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)
বিদেশি ক্রেতাদের নিজস্ব মনিটরিং সুবিধার্থে ছোট ও মাঝারি কারখানায় রপ্তানি আদেশ না দেওয়া
পোশাক খাতের উন্নয়নে সরকারের নগদ সহায়তা
তৈরি পোশাক শিল্পের ক্ষতি কাটিয়ে উঠতে ও বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতে ১.৫০% বিকল্প নগদ সহায়তা, ইউরো অঞ্চলে পোশাক রপ্তানিকারকদের জন্য অতিরিক্ত ০.৫০% বিশেষ সহায়তা এবং তৈরি পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অতিরিক্ত ৩.০০% সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া এ খাতে সার্বিকভাবে ০.৩০% বিশেষ নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং
সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়, জেলা টাস্কফোর্স এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী নিয়মিত অভিযান চালাচ্ছে। বাজারে অহেতুক অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট ও মজুতদারির বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সিন্ডিকেট ও যোগসাজশ প্রতিরোধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সক্রিয়ভাবে কাজ করছে বলে তিনি জানান।
এমএম