শাবনূর জানান, সম্প্রতি আরজে নীরবকে দেওয়া এক সাক্ষাৎকারে রিজভী আহমেদ দাবি করেন, তিনি শাবনূরকে ভালোবাসতেন এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। আবার অন্য একটি সাক্ষাৎকারে তিনি শাবনূরকে নিজের ‘এক্স গার্লফ্রেন্ড’ বলেও দাবি করেছেন।

এরপর রিজভীর আরও একটি দাবি নিয়ে প্রশ্ন তোলেন শাবনূর। তাঁর ভাষ্য অনুযায়ী, রিজভী দাবি করেছেন ২০১৬ সালে তাঁদের বিয়ে হয়েছিল এবং ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

এই দাবি প্রত্যাখ্যান করে শাবনূর বলেন, ওই সময়ে তিনি যুক্তরাজ্যে যাননি। অন্যদিকে রিজভী ১৯৯৯ সাল থেকেই যুক্তরাজ্যে বসবাস করছেন বলে তাঁর দাবি। ফলে তাঁদের বিয়ে কোথায় ও কীভাবে হয়েছে এমন প্রশ্নও তোলেন তিনি।

শাবনূর লেখেন, রিজভীর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না এবং তাঁকে তিনি চিনতেনও না। বিষয়টি নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, বাস্তবে কোনো বিয়ে না হয়ে হয়তো শুধু ‘স্বপ্নের বাসর’ হয়েছিল।

রিজভী আহমেদের বিরুদ্ধে সালমান শাহকে ব্ল্যাকমেলের অভিযোগ তোলার বিষয়েও কথা বলেছেন শাবনূর। তিনি বলেন, সালমান শাহকে ব্ল্যাকমেল করা কিংবা তাঁর ও তাঁর স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

শাবনূর আরও দাবি করেন, সালমান শাহর মৃত্যুর পর রিজভী আহমেদের নাম প্রথম তাঁর সামনে আসে। তাঁর ভাষ্য অনুযায়ী, সালমান শাহর মৃত্যুর ঘটনায় রিজভী একসময় রাজসাক্ষী হয়েছিলেন এবং হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথাও আদালতে বলেছিলেন।

তবে দীর্ঘ সময় পর দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে রিজভী সালমান শাহর মৃত্যু আত্মহত্যা ছিল বলে দাবি করেছেন বলে উল্লেখ করেন শাবনূর। একই সঙ্গে তাঁর বিরুদ্ধেও নতুন করে অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী। রিজভীর এসব বক্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে শাবনূর তাঁর পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন।

এমএম