বৃহস্পতিবার পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই জানান, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশের গোরাউ এলাকার কাছে দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে উদ্ধারকারী দলকে বেশ বেগ পেতে হচ্ছে। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তাদের অধিকাংশই শিশু। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, ধান কাটার কাজে যাওয়া কৃষিজমির মালিক ও শ্রমিকদের সঙ্গে শিশুরাও নৌকাটিতে ছিল।

ওই প্রত্যক্ষদর্শী জানান, তারা প্রায় ৫০টি মরদেহ দেখতে পেয়েছেন। অনেক মরদেহ মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো অবস্থায় স্থানীয় একটি মসজিদের সামনে রাখা হয়েছিল। পরে সেগুলো দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র ইজেকিয়েল মানজো বলেন, গোরাউ অত্যন্ত দুর্গম এলাকা হলেও উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে।

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী পরিবহন, নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তাবিধি বাস্তবায়নে দুর্বলতার কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী নৌদুর্ঘটনা ঘটে।

গত মাসে জিগাওয়া প্রদেশে নৌকা উল্টে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। চলতি বছরের জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে প্রদেশে কৃষক ও জেলেদের নিয়ে যাওয়ার সময় একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নাইজার নদী থেকে ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। সে সময় ২০০ জনের বেশি যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

নৌদুর্ঘটনা কমাতে নিরাপদ নৌযান ও লাইফ জ্যাকেট সরবরাহ, নৌপথ খনন, ঘাট ও টার্মিনালে নিরাপত্তাকর্মী মোতায়েন এবং নৌকার চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করার সুপারিশ করেছে কর্তৃপক্ষ।

নাইজেরিয়ার লাখো মানুষের, বিশেষ করে গ্রামীণ এলাকার বাসিন্দাদের যাতায়াতে নদীপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক গ্রাম নদীর কাছাকাছি হওয়ায় এবং সড়কের দুরবস্থা ও সেতুর অভাবে স্থলপথে চলাচল কঠিন হওয়ায় মানুষ ও পণ্য পরিবহনে কাঠের নৌকা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফলে স্থানীয় যোগাযোগব্যবস্থায় এসব নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

এস