রোববার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে ভ্রমণ-সুবিধার নতুন সীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একটি পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে প্রাপ্তবয়স্কদের বার্ষিক ভ্রমণ কোটা এক ধাপে ৬ হাজার ডলার বাড়ল। অর্থাৎ আগের ১২ হাজার ডলারের তুলনায় সীমাটি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ডলারে দাঁড়িয়েছে।
তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ভ্রমণ কোটায় কোনো পরিবর্তন আনা হয়নি। তারা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে। সে হিসাবে নতুন নিয়মে তাদের বার্ষিক সীমা হবে ৯ হাজার ডলার।
এদিকে ভ্রমণ কোটার পুরো অর্থ নগদ ডলার হিসেবে নেওয়ার সুযোগ থাকছে না। নগদ মার্কিন ডলার নোট নেওয়ার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। একজন ব্যক্তি তার বার্ষিক ভ্রমণ কোটার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ সঙ্গে নিতে পারবেন। বাকি অর্থ অনুমোদিত অন্যান্য মাধ্যমে ব্যবহারের সুযোগ থাকবে।
নতুন সিদ্ধান্তের ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা কিংবা অন্যান্য অনুমোদিত প্রয়োজনে বিদেশ ভ্রমণকারীদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ বাড়ল।
এস