কক্সবাজারে বাস-জিটু সংঘর্ষে নিহত ৪
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও স্থানীয় জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই জিটু গাড়ির যাত্রী।
নিহতরা হলেন-চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার জসিম উদ্দিন (২৫), শিয়ালকাটা এলাকার মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মো. রফিক (২৯) এবং নতুন অফিস এলাকার জিয়াবুল হক (২৫)।
মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির এসআই মো. সামছুজ্জামান জানান, কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিটু গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং এর নয় যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে এবং পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মালুমঘাট হাসপাতালে এবং অপর তিনজন জেলা সদর হাসপাতালে মারা যান।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও জিটু গাড়ি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নেত্রকোনায় ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
নেত্রকোনার পূর্বধলায় পিকআপ ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় তিন পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বেনাপোলে মাদরাসা শিক্ষক নিহত
যশোরের বেনাপোলে লোহার গ্রিলবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাইপাস সড়কের ভবেরবেড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইব্রাহিম শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা এবং ইছাপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি মোটরসাইকেলে ফজলু রহমানের সঙ্গে কাগজপুকুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা গ্রিলবোঝাই ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
স্থানীয়রা আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে নেওয়ার পথেই ইব্রাহিমের মৃত্যু হয়। ফজলু রহমান ও ভ্যানচালক আলী কদর আহত হয়েছেন। পুলিশ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে।
ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ইকবাল অ্যান্ড সন্স সিএনজি কমপ্লেক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জুয়েল মুহুরীগঞ্জে অবস্থিত পিএইচপি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সিএনজি পাম্পের সামনে দিয়ে হাঁটার সময় দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। পরে কাভার্ডভ্যানটি একটি মাইক্রোবাসেও ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসচালক সাইফুল ইসলাম গুরুতর আহত হন।
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
সিদ্ধিরগঞ্জে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাকের চাপায় মো. রাজু মিয়া (৬৫) নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত রাজুকে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জে ট্রেইলারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গজারিয়ায় মালবাহী ট্রেইলারের ধাক্কায় আশরাফুল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশরাফুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বয়লার মুরগির ব্যবসা করতেন। ভবেরচর হাইওয়ে থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রেইলার ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
নওগাঁয় বাসের ধাক্কায় যুবক নিহত
নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-জয়পুরহাট আঞ্চলিক সড়কের ১৪ বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্যামল উপজেলার আকবরপুর ইউনিয়নের রাযউতাড়া এলাকার বাসিন্দা। মোটরসাইকেল নিয়ে প্রধান সড়কে ওঠার সময় দ্রুতগতির বাসটি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার বড় বনগ্রামের বাসিন্দা। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে।
দিনাজপুরে চেম্বার সভাপতি ও স্ত্রীসহ আহত ৪
এদিকে দিনাজপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, তার স্ত্রীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বাড়াইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে রাজশাহী যাওয়ার পথে মাছবাহী পিকআপটি তাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের মধ্যে ছিলেন আবু বকর ছিদ্দীকের স্ত্রী কামরুন নাহার (৫৫), সফরসঙ্গী মো. লুৎফর রহমান (৫৮) ও চালক আকবর আলী (৫৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে লুৎফর রহমানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। আবু বকর ছিদ্দীক, তার স্ত্রীসহ অপর দুজনকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
একদিনে দেশের বিভিন্ন অঞ্চলে এসব দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক দুর্ঘটনাগুলোর কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএম