সোমবার কুইন্স পার্ক ওভালে বৃষ্টিবিঘ্নিত ও আলোকস্বল্পতায় সংক্ষিপ্ত হওয়া প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৩৯ রান। জাস্টিন গ্রিভস ১২৫ বলে ৬৪ রানে এবং রোস্টন চেজ ৩৬ রানে অপরাজিত আছেন। ষষ্ঠ উইকেটে তাদের ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিই দিনের শেষে ক্যারিবিয়ানদের এগিয়ে রেখেছে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালোই করে। তবে বৃষ্টির কারণে প্রথম সেশন বিঘ্নিত হলেও লাঞ্চের আগে ৯.৫ ওভারে ৪৯ রান তোলে স্বাগতিকরা। সেশনের শেষ বলে মোহাম্মদ আলীর শিকার হন ওপেনার তেজনারাইন চন্দরপল।
দ্বিতীয় সেশনে স্পিন আক্রমণে ভর করে ম্যাচে ফেরার চেষ্টা করে পাকিস্তান। আলী উসমান এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে নিজের প্রথম টেস্ট উইকেট তুলে নেন। ৪৬ রান করে আউট হন কিং। এরপর সাজিদ খানের বলে গ্লাভসে লেগে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কাভেম হজ।
তিন উইকেট হারানোর পর শাই হোপ ও আমির জাঙ্গু ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজন মিলে গুরুত্বপূর্ণ জুটি গড়লেও সেটি বড় হতে দেননি উবাইদ শাহ। জাঙ্গুকে রিজওয়ানের ক্যাচে পরিণত করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটের দেখা পান এই পেসার।
এরপর হোপকে সঙ্গে নিয়ে ইনিংস গড়তে থাকেন গ্রিভস। দুজনে পঞ্চম উইকেটে ৫৩ রান যোগ করেন। তবে দিনের শেষ সেশনে মোহাম্মদ আলীর বলে আউট হন হোপ। এরপর নাইটওয়াচম্যান হিসেবে নামেন অধিনায়ক রোস্টন চেজ।
শেষ বিকেলে পাকিস্তান স্পিনারদের দিয়ে আরও সাফল্য পাওয়ার চেষ্টা করলেও গ্রিভস ও চেজ আর কোনো সুযোগ দেননি। ধৈর্যশীল ব্যাটিংয়ে তারা দিন শেষ করেন অপরাজিত থেকে।
পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ আলী। একটি করে উইকেট শিকার করেন আলী উসমান, সাজিদ খান ও উবাইদ শাহ। তবে প্রথম দিনের শেষে ম্যাচে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজই।
এমএম