দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরলে বিবাহবিচ্ছেদের জেরে সাবেক স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে সাবেক স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মাহবুবুর রহমানকে আটক করেছে বিরল থানা পুলিশ।
গত শনিবার রাতে বিরল উপজেলার সাত নাম্বার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার শ্যামলী ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত মাহবুবুর রহমান মৃত সফি উদ্দীনের ছেলে এবং রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শনিবার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
গুরুতর দগ্ধ হয়ে শ্যামলী চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিরল থানার ওসি আল এমরান বলেন, হামলাকারী একজন। আমরা তাকে আটক করেছি। নিহতের বড় ভাই থানায় এলে এ ঘটনায় মামলা নেওয়া হবে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী নূর আলম রূপাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত। গত ৩০ জুলাই নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ আলী আহসান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত নূর আলম রূপা পলাশ উপজেলার আ. রহিম মিয়ার ছেলে।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী হুমায়ূনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হুমায়ূন কাপাসিয়ার বেলাশী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর) জানান, গাজীপুরের টঙ্গীতে ৯ বছরের দুই শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে ইব্রাহিম খলিল নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গত শুক্রবার দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান। গত বৃহস্পতিবার রাতে টঙ্গীর মুদাফা বিশারটেক এলাকার হাজী কালু মিয়া মহিলা মাদরাসায় শ্লীলতাহানির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ইব্রাহিম খলিল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ঘোষবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।
খুবি প্রতিনিধি জানান, যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে যৌন হয়রানি নিরোধকেন্দ্রের তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে পাঁচ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি কক্ষে ওই অফিসের ‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর’ হানিফ হোসেনের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে । গত ১২ জুন দুপুরে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত হানিফ ও ভুক্তভোগী উভয়ের বাড়িই চরফ্যাশন পৌর এলাকায়। ভুক্তভোগীর দাবি, ঘটনার দিন হানিফ তাকে মুঠোফোনে অফিসের একটি কক্ষ পরিষ্কার করার কথা বলে ডেকে নেন। তিনি কক্ষে প্রবেশ করলে হানিফ দরজা ভেতর থেকে বন্ধ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। তবে ভুক্তভোগীর জোরালো প্রতিরোধে তিনি ব্যর্থ হন।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কামাল হোসাইন আমার দেশকে বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড, বদলি কিংবা শোকজসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে ।
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাবুগঞ্জে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য বাবুগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন । এ ঘটনাটি ঘটেছে ১০ জুলাই উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতের দিয়া ফারজানা আক্তারের বাড়িতে। প্রতিপক্ষরা প্রভাবশালীদের ম্যানেজ প্রক্রিয়া করায়, তাদের চাপে থানায় মামলা করতে দেওয়া হয়নি। ভুক্তভোগী ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা ফারজানা আক্তার কোনো উপায়ান্ত না পেয়ে গত ২০ জুলাই বাদী হয়ে তিনজনকে আসামি করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশ অনুযায়ী ২৫ জুলাই বাবুগঞ্জ থানা মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করেন।
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহেদ মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই মঙ্গলবার দুপুর প্রায় দেড়টার দিকে অভিযুক্ত জাহেদ মিয়া কৌশলে ওই তরুণীকে কামাল মিয়ার বাড়ির রান্না ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকায় রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের কাছ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত মাহফুজা তারাকান্দি গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে। চার ভাই-বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
চৌগাছা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি চৌগাছার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে। শনিবার রাতে মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে রাব্বিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার গাবতলীতে এক সন্তানের জননী মিম আক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ সংবাদ পেয়ে গভীর রাতে লাশ উদ্ধার করে থানায় এনেছে। মিম আক্তারের আত্মীয়স্বজনের অভিযোগ, তাকে হত্যা করে স্বামী, শ্বশুর-শাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে পহেলা আগস্ট রাতে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের বাওইটোনা সুতারপাড়া গ্রামে।
এমএম