সামাজিক মাধ্যমের এক ব্যবহারকারী তার বেশ কয়েকটি ইনস্টাগ্রাম পোস্টে ইসরাইলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনামলের সঙ্গে তুলনা করেন। পোস্টে তিনি নাৎসিদের ব্যবহৃত স্বস্তিকা চিহ্ন এবং তাদের দলের পতাকা ব্যবহার করেন।
এই সপ্তাহের শুরুতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, জার্মানির দক্ষিণ-পশ্চিমের শহর জুইব্রুকেমের একটি উচ্চ আঞ্চলিক আদালত রায়ে জানায়, ওই ব্যক্তির বাকস্বাধীনতার অধিকার রয়েছে। বাকস্বাধীনতাকে অগ্রাধীকার দিয়ে তাকে সব অভিযোগ থেকে খালাস দেয় আদালত।
আদালতের মতে, অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধটি এক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, সংশ্লিষ্ট ব্যক্তি ইসরাইল রাষ্ট্রের গৃহীত পদক্ষেপগুলোর তীব্র সমালোচনা করতে গিয়ে ওই প্রতীকগুলো ব্যবহার করেছেন।
অভিযুক্ত নারী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি টেবিল পোস্ট করেছিলেন। সেখানে নাৎসিদের অপরাধের সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের কর্মকাণ্ডের তুলনা করা হয়। ছবির ওপরের অংশে একদিকে ইসরাইলের পতাকা এবং অন্যদিকে আংশিক দৃশ্যমান স্বস্তিকা চিহ্নসহ নাৎসি পার্টির পতাকা জুড়ে দেয়া হয়।
অন্য একটি পোস্টে একটি দেয়ালচিত্র দেখা যায়। সেখানে ডেভিড তারকার মাঝখানে একটি নাৎসি স্বস্তিকা চিহ্ন আঁকা ছিল। দেয়ালের ওপর থেকে সেনারা গুলি চালাচ্ছিল এবং দেয়ালের তলদেশ দিয়ে রক্ত বয়ে যাচ্ছিল।
এর আগে অসাংবিধানিক সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে লুদভিগসহাফেন শহরের একটি নিম্ন আদালত তাকে দুই হাজার ৪০০ ইউরো অর্থদণ্ডে দণ্ডিত করেছিল। তবে আপিলে জাইব্রুকেনের আদালত নিম্ন আদালতের নির্দেশটি বাতিল করেন।
সূত্র: আনাদোলু
এমএম