শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ফিফার কাছে আবেদন করার পর শুক্রবার রাতে ইতিবাচক খবর পাওয়া গেছে। বাংলাদেশ আসিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে আসিয়ান কাপ। দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নেবে।

ভারতের জায়গায় ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইনস ও পাকিস্তান।

ফিফার তত্ত্বাবধানে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে আসিয়ান কাপ। আসিয়ানভুক্ত দেশের বাইরে থেকে চীন, ভারত ও হংকংকে টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিন দেশই আমন্ত্রণ গ্রহণ করলেও পরে ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। আগামী ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ভারত। ফলে একই সময়ে আসিয়ান কাপে অংশ নেওয়া সম্ভব না হওয়ায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে তারা।

ভারতের জায়গায় আমন্ত্রিত দেশ হিসেবে এবার আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ।

আগামী নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের সামনে রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

সাফের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ঘরের মাঠে কিংবা কিরগিজস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলার পরিকল্পনা ছিল বাফুফের। তবে ভারতের সরে দাঁড়ানোর পর আসিয়ান কাপে অংশ নেওয়ার সুযোগটি কাজে লাগিয়েছে বাংলাদেশ।

ফলে সেপ্টেম্বরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাবেন হামজা চৌধুরী, শমিত সোমরা। এ টুর্নামেন্টের ম্যাচগুলো সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আসিয়ান কাপে অংশ নেওয়ায় বাংলাদেশ দলের যাতায়াত ও আবাসন ব্যয় বহন করবে ফিফা। পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণ ফি ও অর্থ পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।

বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আসিয়ান কাপ সামনে রেখে আগামী ২৭ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।

জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলির অধীনে প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। এরপর সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ায় গিয়ে আসিয়ান কাপে নিজেদের সামর্থ্যের পরীক্ষা দেবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এস