আমার দেশ অনলাইন ডটকম, শীর্ষনিউজবিডি ডটকম, দিনকাল অনলাইন ডটনেটসহ ৩৫টি নিউজ পোর্টাল বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নেতারা।

বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে বলেন, এই পদক্ষেপ মুক্ত গণমাধ্যম ও ভিন্নমতের প্রতি সরকারের চরম অসহিষু মনোভাবের বহি:প্রকাশ।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, দৃশ্যত: কোন কারণ ছাড়াই এবং সংশ্লিষ্টদের সঙ্গে কোন রকম যোগাযোগ বা নোটিশ ব্যতীত আকস্মিকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিআরসির হুকুমে পাঠকপ্রিয় অনলাইন পোর্টালসহ ৩৫টি সংবাদভিত্তিক সাইট বন্ধ করে দেয়া সম্পূর্ণ বেআইনী ও ঘৃণ্য পদক্ষেপ।

বন্ধ করে দেয়ার আগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন রকম অভিযোগ আনা হয়নি এবং আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেয়া হয়নি। অবাধ তথ্য প্রবাহ ও মুক্তগণমাধ্যমের এ যুগে কেবলমাত্র ভিন্ন মত পোষণ ও সত্য প্রকাশের কারণে কোন সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরা বা কন্ঠ স্তব্ধ করে দেয়া অগ্রহণযোগ্য ও হঠকারি মানসিকতার পরিচায়ক।

সরকারি অগণতান্ত্রিক পদক্ষেপ সংবাদ মাধ্যমগুলোর অগণিত পাঠককে বস্তুনিষ্ঠ সংবাদ থেকে বঞ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সংবাদ কর্মীদের বেকারত্বের মুখে ঠেলে দিয়েছে। এর আগেও বর্তমান সরকার আমার দেশ এর প্রিন্ট সংস্করণ গায়ের জোরে বন্ধ করে দিয়ে পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেলে আটকে রেখেছে। শীর্ষ নিউজও এর আগে এক দফা বন্ধ করে তার সম্পাদক একরামুল হককে বানোয়াট মামলায় গ্রেফতার করেছিল। দিগন্ত, চ্যানেল ওয়ান ও ইসলামিক টিভি বন্ধ করা হয়েছে একই কায়দায়। দৈনিক ইনকিলাবের প্রকাশনা দু’দফায় বন্ধ করে সাংবাদিকদের গ্রেফতার করা হয়।

বিবৃতিতে সাংবাদিক নেতারা অবিলম্বে সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবী জানিয়েছেন।

একই সঙ্গে মুক্ত গণমাধ্যম বিরোধী সরকারি পদক্ষেপের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকল বিবেকবান সাংবাদিককে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন।

এফএফ