শুক্রবার সকালের নীরবতা ভেঙে দিয়ে হঠাৎই উৎসবমুখর হয়ে উঠেছিল রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকা। উড়েছে রং-বেরঙের বেলুন। ঘোড়ার গাড়ির সঙ্গে সঙ্গে চলেছে ব্যান্ডপার্টির উন্মাতাল বাজনা। কারওয়ান বাজার থেকে শাহবাগ পর্যন্ত এমন এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভির এক যুগপূর্তি অনুষ্ঠান। র‍্যালিতে নেতৃত্ব দিয়েছেন এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী।

‘সময়ের সাথে আগামীর পথে’—এই স্লোগানে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধারণ করে ২০০৩ সালে যাত্রা শুরু করেছিল এনটিভি। এর পর বাংলাদেশের শীর্ষ এই টেলিভিশন চ্যানেল সফলতার সঙ্গে পার করেছে ১২ বছর। ৩ জুলাই প্রথম প্রহরেই অতিথিদের নিয়ে কেক কেটে এই যুগপূর্তি অনুষ্ঠান উদযাপনের সূচনা করেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী।

তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টায় শুরু হয় জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি। এনটিভির মঙ্গল কামনা করে এই র‍্যালিতে অংশ নিয়েছিলেন এনটিভি পরিবারের সদস্য ছাড়াও বিশিষ্টজনরা।

এমআর