বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ এবং সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব।

প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা শওকত মাহমুদ ও প্রবীর সিকদারসহ আটক সকল সাংবাদিককে ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবিসহ সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবী, দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, বন্ধ করে দেওয়া সকল মিডিয়া খুলে দেয়া এবং তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবী জানান।

গত ১৮ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস মিলনায়তন) আয়োজিত এই প্রতিবাদ সভায় নিউইয়র্কের সাংবাদিকরা অংশ নেন।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এবং হককথা.কম ও বার্তা সংস্থা ইউএনএ-এর সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমদ।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি ও আইঅনবাংলাদেশ টিভি’র পরিচালক রিমন ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর দফতর সম্পাদক এবং একুশে টিভি’র ইউএস প্রতিনিধি ইমরান আনসারী, এনটিভি ইউএসএ’র বার্তা সম্পাদক আবিদুর রহীম, যমুনা টিভি’র ইউএসএ প্রতিনিধি হাসানুজ্জামান সাকি, টাইম টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও দ্য রিপোর্ট-এর নিউইয়র্ক প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েস প্রমুখ।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে দৈনিক নয়াদিগন্তের বিশেষ প্রতিনিধি শওকত ওসমান রচি, টাইম টেলিভিশনের কনসালটেন্ট (বার্তা) পুলক মাহমুদ, প্রেসক্লাবের সদস্য সৈয়দ ইলিয়াস খসরু, মাসিক সমীক্ষা’র সহকারী সম্পাদক আব্দুর রশীদ, সময় টিভি’র আনোয়ার হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রেসক্লাবের সভাপতি আবু তাহের বলেন, গণতান্ত্রিক দেশে সাংবাদিকরাও রাজনীতি করতে পারেন, যেকোন দল সমর্থন করতে পারেন, এটা দোষের কিছু নয়।

মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে আর রাজনীতি হচ্ছে গণতন্ত্রের অলংকার। কিন্তু আজকে যেভাবে গণমাধ্যমের ওপর দমন-পীড়ন চলছে তা কোনভাবেই কাম্য নয়। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

তাই বলে রাতের আঁধারে প্রথিতযশা সাংবাদিকদের এভাবে আটক করা দেশের গণতন্ত্রের জন্য শুভ নয়। তাদের আদালতের মাধ্যমে নোটিস দেওয়া যেতে পারতো। তিনি অবিলম্বের গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি দাবী করেন।