যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর 'আন্তর্জাতিক সাহসী নারীর পুরস্কার' (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড- আইডব্লিউওসি) পেলেন একাত্তর টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিন।
ঢাকার মার্কিন দূতাবাস বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানায়।
ওয়াশিংটনে এক অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় এ পুরস্কার দেয়া হয় নাদিয়া শারমিনকে। নাদিয়া ছাড়াও বিশ্বের আরো নয়জন নারীকে এ পুরস্কার দেয়া হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইডব্লিউওসি নারীদের সাহসিকতার জন্য এ পুরস্কার দিয়ে থাকে। এর আগে আরেকজন বাংলাদেশি নারী এ পুরস্কার পেয়েছেন। নাদিয়া শারমিন দ্বিতীয় বাংলাদেশি নারী, সাহসিকতার জন্য এ পুরস্কার পেলেন।
পুরস্কারপ্রাপ্তরা যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সেদেশের সরকারের গুরত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন।
পুরস্কার প্রদানের পর নাদিয়া শারমিন অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের বিভিন্ন কর্মসূচিতে। যুক্তরাষ্ট্রের নারী সাংবাদিক ও বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠেয় '৫৯তম কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইমেন' সম্মেলনেও যোগ দেবেন তিনি। এ সম্মেলনে সারাবিশ্বের নারী অধিকারকর্মীরা যোগ দিচ্ছেন।
গত বুধবার নাদিয়া যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে দেখা করেছেন। সাক্ষাৎকালে নিশা দেশাই বলেছেন, 'এরকম একজন সাহসী নারী সাংবাদিকের সঙ্গে দেখা হওয়ায় আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।'
উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিল মাসে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে চলার সময় খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন নাদিয়া। তখন তিনি একুশে টেলিভিশনে কর্মরত ছিলেন। নাদিয়ার ওপর হামলার ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে।
কেএইচ





