শিক্ষা বিষয়ক অনলাইন পোর্টাল লেখাপড়া২৪.কমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার পোর্টালটির উদ্যোক্তা ও প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মাধ্যমে এ যাত্রা শুরু হয়।
লেখাপড়া ২৪.কমের সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে রাজধানীর বিআইএম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক সায়ফুল হক সিরাজী। পরিচালনা করেন চিফ রিপোর্টার সাইফুদ্দিন ফয়সাল।
অনুষ্ঠানে পোর্টালের নিজস্ব প্রতিবেদক, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, লেখাপড়া২৪.কম সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি অনলাইন পত্রিকা। দেশ-বিদেশের শিক্ষা বিষয়ক সর্বশেষ সব খবর নিয়ে চালু হওয়া এই অনলাইন সব শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মনের খোরাক মেটাবে। শিক্ষার আলো জ্বালিয়ে দেশকে একটি শিক্ষিত সমাজ উপহার দিতেও ভূমিকা রাখতে সক্ষম হবে এটি। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় অনলাইনের ক্রমবর্ধমান চাহিদার এ যুগে পোর্টালটি অনেক দূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিশিষ্টজনরা।
দুটি পর্বে আয়োজিত মতবিনিময় সভার প্রথম পর্বে আলোচনা, মতবিনিময় এবং দ্বিতীয় পর্বে প্রতিনিধিদের নিউজ লেখার কলাকৌশল শেখানো হয়।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





