করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (২৩ আগস্ট) রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

আবদুস শহিদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন।

১৯৫৭ সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে আব্দুস শহিদের জন্ম হয়।তিনি দৈনিক দিনকালের চিফ রিপোর্টারের দায়িত্বে ছিলেন। পরে তিনি এনটিভিতে শুরু থেকে যোগ দেন। আব্দুস শহীদ জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।

গত ২৫ জুলাই আবদুস শহিদের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৭ জুলাই তাঁকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ জুলাই তাঁকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়।

লক্ষ্মীপুরে গ্রামের বাড়িতে আব্দুস শহিদ তাঁর মা-বাবার নামে আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।

 

এমবি