দেশের বিভিন্ন স্থানে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি (ইটিভি) সোমবার বিকেল থেকে দেখা যাচ্ছে না। তবে ইটিভির একজন কর্মকর্তা জানান, তারা ইটিভি দেখতে পাচ্ছেন।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার বিকেলে তার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে গাড়িতে চড়ে বের হতে না পেরে সেখানেই গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে ইটিভি বন্ধ থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সরকার ইটিভি বন্ধ করে দিয়েছে। ওই বক্তৃতায় তিনি সারাদেশে অবরোধ কর্মসূচিরও ঘোষণা দেন।

এদিকে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাবেক সভাপতি এসএম আনোয়ার পারভেজ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। রাজনৈতিক কারণে কেউ এটা করতে পারে।

কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মাসুদ বলেন, আট শতাধিক ডাউন লিংক রয়েছে। ঢাকায় ৮টি ডাউন লিংক রয়েছে। এর যে কোনোটি বন্ধ থাকলে অনেক এলাকায় ইটিভি দেখা যাবে না।

এএইচ