সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রথম আলো, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি সানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ঢাকার মিরপুরের এমপি কামাল আহমেদ মজুমদার।

বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন তিনি। একই সঙ্গে দেওয়ানি আদালতে ১০০ কোটি টাকা করে মানহানিজনিত ক্ষতিপূরণ চেয়ে আরও তিনটি মামলা (মানিশ্যুট) করেছেন কামাল আহমেদ মজুমদার।

মামলাগুলোতে বিবাদী করা হয়েছে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সংশ্লিষ্ট প্রতিবেদক কামরুল হাসান, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক আমির হোসেন এবং পত্রিকা দু’টির সংশ্লিষ্ট প্রতিবেদক তোফাজ্জেল হোসেন রুবেলকে।

সিএমএম আদালতে দায়ের করা তিন মামলায় গত ১৮ আগস্ট দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি সান এবং ১৭ আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদে তার মানহানি হয়েছে বলে অভিযোগ করেন ঢাকা-১৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। দেওয়ানি আদালতে করা তিন মামলায় এ কারণে তার ১০০ কোটি টাকা করে মানহানিজনিত ক্ষতি হয়েছে বলে অভিযোগ করে ওই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ চান তিনি।

মানহানির মামলাগুলোতে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন কালের কণ্ঠ ও ডেইলি সানের বিরুদ্ধে মামলা দু’টিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল ইসলাম এবং প্রথম আলোর বিরুদ্ধে মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান। তবে এখনো কোনো আদেশ দেননি বিচারকরা।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ