প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদের নবম মৃত্যুবার্ষিকী আজ (২৬ সেপ্টেম্বর) রোববার। বরেণ্য এই সাংবাদিক ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সে মারা যান। তিনি ১৯৩৭ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জের সতেরদবিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আবদুস সামাদ ও মায়ের নাম শায়েরা বানু।

আতাউস সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ থেকে ’৯৪ সাল পর্যন্ত ঢাকায় বিবিসির সংবাদদাতা হিসেবে কাজ করেন। কিছুদিন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি নিয়মিতভাবে নিবন্ধ ও কলাম লিখেছেন।

বরেণ্য এই সাংবাদিক পাকিস্তানের দৈনিক মুসলিম, কুয়েতের দৈনিক অ্যারাব টাইমস, লন্ডনের সাউথ ম্যাগাজিন, ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরসহ এ দেশের সাপ্তাহিক যায়যায়দিন, হলিডে, সমকাল, প্রথম আলো, কালের কণ্ঠ, আমার দেশসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখেছেন। তার লেখা একমাত্র বই ‘এ কালের বয়ান’ পাঠকের কাছে দারুণ সমাদৃত।

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সর্বজনশ্রদ্ধেয় এ সাংবাদিক ১৯৯২ সালে একুশে পদকে ভূষিত হন।

এমবি