নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের বসন্তেরবাগ এলাকায় জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ায় সন্ত্রাসীদের হামলায় সংবাদকর্মীকে পিটিয়ে আহত ও দেশীয় অস্ত্র দিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় তার বোনকেও পিটিয়ে আহত করা হয়।
বৃহস্পতিবার বসন্তেরবাগ এলাকার আবুল কালাম সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় আহত দৈনিক ডাক প্রতিদিনের নোয়াখালী অফিসের ব্যবস্থাপক ইমাম হোসেন বাপ্পি ও তার বোন পারভীন আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আজ বিকেলে আহত বাপ্পির বড় ভাই সাংবাদিক আনোয়ার হোসেন রুমি বাদি হয়ে তোফায়েল আহম্মেদ, মোশারফ হোসেন ও মো. হোসেন ও তাদের পিতা জামাল উদ্দিন পাটোয়ারী ড্রাইভারসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, ওই এলাকার জামাল উদ্দিন পাটোয়ারী ড্রাইভারের বখাটে পুত্র তোফায়েল আহম্মেদ, মোশারফ হোসেন ও মো. হোসেন এলাকার বখাটে কয়েক যুবককে সঙ্গে নিয়ে আবুল কালাম সওদাগর বাড়ির পাশের পুরান বাড়িতে দীর্ঘদিন থেকে মাদকের আসর, জুয়া খেলাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছিল।
এর প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার সন্ত্রাসীরা বাপ্পির বোন পারভিন আক্তারকে অশ্লীল ভাষায় গালমন্দ করে ও মারধর করে আহত করা হয়েছে। এ সময় বাধা দেয়ায় সন্ত্রাসীরা বাপ্পিকে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে। তাদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকাবাসী জানায়, এই সন্ত্রাসী চক্র দীর্ঘদিন থেকে এলাকায় খুন, চুরি, ডাকাতি, ইভটিজিংসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
এমএম





