সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ সোমবার শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশন চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত নোটিসের মাধ্যমে একটি খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

ওই তালিকা থেকে জানা গেছে, সংগঠনটির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহসভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন। তবে, এদের মধ্যে নারী সম্পাদক রীতা নাহার (বৈশাখী টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল (আরটিভি) ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্য দিকে সভাপতি পদে লড়ছেন তিনজন। তারা হলেন, শাহনেওয়াজ দুলাল (সময়ের আলো) ও মুরসালিন নোমানী (বাসস), নজরুল ইসলাম মিঠু (জার্মান নিউজ এজেন্সি)।

সহসভাপতি পদেও রয়েছেন তিনজন। তারা হলেন, আবুল বাশার নুরু, নজরুল কবীর (বাংলা ট্রিবিউন) ও ওসমান গনি বাবুল। সংগঠনটির সাধারণ সম্পাদক পদে লড়ছেন আবু আল মোরছালীন বাবলা (চ্যানেল আই), মসিউর রহমান খান (সমকাল) ও তোফাজ্জল হোসেন (খোলা কাগজ)।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী যুগ্ম-সম্পাদক পদে। এই পদে প্রার্থী আছেন পাঁচজন। তারা হলেন, আরাফাত দাড়িয়া, ফারুক খান (বাংলাদেশের কণ্ঠ), চ্যানেল সেভেনের হাফিজ আল আসাদ (সাইদ খান), মেহেদী আজাদ মাসুম (আলোকিত সময়) ও গোলাম ময়নুল আহসান (বাংলাভিশন)।

এএস