সম্প্রতি ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে বলে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

আজ (বুধবার) বুধবার ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে এক সভায় সম্পাদক পরিষদ এই উদ্বেগ প্রকাশ করে। সংগঠনের সভাপতি দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসব পদক্ষেপ গ্রহণ করে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চাইছে বলেও সম্পাদক পরিষদের সভার আলোচনায় উঠে আসে।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবিধানে গণমাধ্যমের স্বাধীনতাসহ যেসব নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছে এবংতথ্য অধিকার আইনে অবাধ তথ্য লাভের যে সুযোগ অবারিত করা হয়েছে, সরকারের সাম্প্রতিক পদক্ষেপ তার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এর ফলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল ও গণমাধ্যমের বিকাশ বাধাগ্রস্ত হবে।

দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরি ও তথ্যের অবাধপ্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে অংশীজনদের দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আচরণবিধি প্রণয়নের যে কোনো উদ্যোগকে সম্পাদক পরিষদ স্বাগত জানাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সভায় গত মঙ্গলবার ইনকিলাব কার্যালয়ে পুলিশি অভিযান ও দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের গ্রেফতার, হয়রানি ও তাদের ওপর হামলার নিন্দা জানানো হয়।

প্রবীণ সাংবাদিক এবিএম মুসা ও ইনডিপেন্ডেন্টের সাবেক সম্পাদক ও সম্পাদক পরিষদের সদস্য মাহবুবুল আলমের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয় সভায়।

সম্পাদক পরিষদের সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাহফুজ আনাম,মতিউর রহমান, রিয়াজ উদ্দিন আহমদ, তাসমিমা হোসেন, মতিউর রহমান চৌধুরী, মোজাম্মেল হোসেন, শ্যামল দত্ত, আলমগীর মহীউদ্দীন, খন্দকার মুনীরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, ইমদাদুল হক মিলন, নঈম নিজাম, শাহজাহান সরদার, সাইফুল আলম, আমির হোসেন ও এম শামসুর রাহমান।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি