গণমাধ্যম নিয়ে দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে ‘হবিগঞ্জে সংবাদপত্রের বিকাশ, সমস্যা এবং সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইকবাল সোবহান বলেন, ‘অশুভ শক্তি ও অগণতান্ত্রিকতার বিরুদ্ধে গণমাধ্যমকে আরও শক্তিশালী হতে হবে। হলুদ সাংবাদিকতায় নয়, জাতির দর্পণ হিসেবে মানবিকতা, আদর্শ, সৎ সাহসিকতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি বলেন, যারা সমাজ ও রাষ্ট্রের শাসক হয়ে শোষকের ভূমিকায় কাজ করে দেশকে ধ্বংসে দিকে এগিয়ে নিতে চায়, কলম সৈনিক হিসেবে তাদের বিরুদ্ধে লিখতে হবে।’
তিনি আরও বলেন, ‘একটি সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশ করে না, সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রকাশ পায় পত্রিকাটির রুচিশীলতা, যা একটি শিল্পসত্ত্বাকে প্রকাশ করে।’
সাংবাদিকদের দলমত নির্বিশেষে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
বীর মুক্তিযোদ্ধা ডা. সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবু জাহির, হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ প্রমুখ।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





