তৃতীয় বর্ষে পর্দাপন করলো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভি। ২০১২ সালের ১২ জুন ভিন্নতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনা নিয়েই বিশ্বময় বাংলাদেশকে বুকে ধারণ করে গত দুই  বছরে নিজেদের তুলে ধরার চেষ্টা করেছে চ্যানেলটি।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত জিটিভি প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এসময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড.আহমেদ আজম খান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ। 

চ্যানেলটির পক্ষে উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান জিটিভির চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক, এম পি), ভাইস চেয়ারম্যান গাজী গোলাম মর্তুজা, ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আসরিয়া, প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমানসহ জিটিভির সকল কর্মকর্তা কর্মচারীরা।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন। আগত অতিথিদের মিষ্টিমুখ করান জিটিভির কর্তৃপক্ষ। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল দিনব্যপী বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে চ্যানেলটি।

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই