সাহিত্য-শিল্প-সংস্কৃতি বিষয়ক পত্রিকা কালি ও কলমের সম্পাদক প্রবীণ সাংবাদিক আবুল হাসনাতের জন্মদিন ১৪ জুলাই, আজ সোমবার।

সাংবাদিক আবুল হাসনাত ১৯৪৫ সালের এই দিনে ঢাকার নবাবপুরে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ হোসেন ও মা মোমেনা খাতুনের আট সন্তানের মধ্যে তিনি বড়।

নবাবাপুর হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগ থেকে ১৯৬৯ সালে অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন তিনি।

আবুল হাসনাত ১৯৬৫ সালে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় সহ-সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর একই প্রতিষ্ঠানে ১৯৭৩ সালে তিনি সাহিত্য সম্পাদক পদে উন্নীত হন। ২০০৩ সালে ৩৯ বছরের কর্মস্থল ‘দৈনিক সংবাদ’ পত্রিকা ছেড়ে তিনি সাহিত্য-শিল্প-সংস্কৃতি বিষয়ক পত্রিকা কালি ও কলমে সম্পাদক পদে যোগ দেন।

আবুল হাসনাত ১৯৭৪ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশের নারী সাংবাদিকতার অন্যতম অগ্রপথিক নাসিমুন আরা হক মিনুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তার সহধর্মিনী মিনু বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এই দম্পতির একমাত্র সন্তান দিঠি হাসনাত। দিঠি রাজধানীর নর্থ সাউথ ইনিভার্সিটি থেকে ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে আমেরিকার আলকানসাস স্টেট ইউনিভার্সিটিতে ‘মাস কমিনিকেশন রেডিও ও টেলিভিশন’ বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছেন।

আবুল হাসনাতের প্রিয় রং সাদা ও ফুল বেলী। খেতে ভালোবাসেন চিতল মাছের বড়া। আর অবসর সময়ে বই পড়েন ও গান শোনেন।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই