শিশুসাহিত্যিক, ছড়াকার ও সাংবাদিক ওবায়দুল গনি চন্দনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে তাকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হয়।
এর আগে বিকাল পৌনে ৩টায় চন্দনের লাশ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) আনা হয়। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপস্থিত সাংবাদিক ও সহকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নামাজে জানাজায় ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরী, সহ সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি (একাংশ) আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদসহ সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মিরপুর কবরস্থানে নেয়া হয়।
এরআগে বাদ জোহর গুলশানে চন্দনের কর্মস্থল দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কার্যালয়ে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের জানাজায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূইয়া, মানবকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী, জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, নাট্য ব্যক্তিত্ব মোশাররফ করিম, সাংবাদিক, লেখক, সংস্কৃতিক ব্যক্তিবর্গ, সহকর্মীবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। কর্মস্থলে লাশ এসে পৌঁছালে এক বেদনাবিদুর পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ছড়াকার ও সাংবাদিক ওবায়দুল গনি চন্দন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





