ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন ছাত্রলীগের কর্মীরা।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এসমসয় সেখানে বসে থাকা একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মিল্টন, মাসুমসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী ওই ছাত্রীর পথরোধ করেন।
এসময় কয়েকজন বহিরাগতও তাদের সঙ্গে ছিল। তারা ওই ছাত্রীকে উত্যক্ত করতে থাকেন। এসময় পাশেই থাকা ওই ছাত্রীর বন্ধু রাজশাহীর স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের রাবি প্রতিনিধি মর্তুজা নূরসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থী সেখানে এগিয়ে যান।
তারা ঘটনার প্রতিবাদ করেন। এসময় ছাত্রলীগ কর্মী মিল্টনের সঙ্গে থাকা বহিরাগত ছাত্রলীগ কর্মী নয়ন মর্তুজা নূরকে থাপ্পড় দেয়। সাংবাদিক পরিচয় জানার পর মিল্টন নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন।
এ ব্যাপারে মর্তুজা নূর বলেন, আমার বান্ধবীকে উত্যক্ত করায় প্রতিবাদ করেছিলাম। এসময় বহিরাগত নয়ন নামের এক ছাত্রলীগ কর্মী আমাকে চড় মারেন।
ছাত্রলীগ কর্মী মিল্টন বলেন, পাশ দিয়ে যাওয়ার সময় ওই মেয়েকে আমাদের একজন ডাকে। ওই ছাত্রী এসে দর্শন বিভাগের প্রথম বর্ষে পড়ে জানালে আমিও ওই বিভাগের বড়ভাই বলে তাকে পরিচয় দেই।
এসময় আমার পাশে থাকা কয়েকজন ওই ছাত্রীকে কয়েকটি প্রশ্ন করেন। এটা দেখে তার বন্ধুরা চোখ রাঙিয়ে আমাদের দিকে আসলে আমাদের সঙ্গে থাকা একজন তাদের একজনকে চড় মারেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, আমি তাদেরকে (ছাত্রলীগ কর্মী) ডেকে নিয়ে বিষয়টি শুনেছি। আগামীকাল মঙ্গলবার বিষয়টি নিয়ে বসা হবে। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে জড়িতদের সবার পরিচয় এখনও পাইনি। অভিযুক্তদের বিষয়ে পরিচয় পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমকে





