ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের আকৃষ্ট করতে সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের সামনে দুই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে সমর্থকরা। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সাংবাদিকদের প্রাণের সংগঠন ডিআরইউর এক বছরের নেতৃত্ব দেওয়ার জন্য দীর্ঘ এক মাস ধরে চলমান প্রচারণার আজ সমাপ্তি ঘটবে।

সকাল থেকে দেখা যায়, গলায় কার্ড ঝুলিয়ে, হাতে প্রার্থীর ছবি যুক্ত প্রচার কার্ড নিয়ে শৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন সমর্থকরা। এদিকে সকালে ভোটারের চাপ কম থাকায়, কোনো একজন ভোটার আসলেই সবাই এক সাথে আওয়াজ তুলছেন, ভোটার যায়, ভোটার যায়।

কোনো ধরনের উচ্চবাচ্য নেই সমর্থকদের মাঝে। সবাই পাশাপাশি দাঁড়িয়ে নিজ প্রার্থীদের কথা ভোটারদের কাছে বলছেন।

ডিআরইউ নির্বাচনে এবারের ভোটার সংখ্যা ১ হাজার ৫২১ জন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে সভাপতি পদে নির্বাচন করছেন সাইফুল ইসলাম, আবু দারদা যুবায়ের ও রফিকুল ইসলাম আজাদ।

সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন মুরসালিন নোমানী, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), রেজাউল করিম, শাসছুদ্দীন আহমেদ ও সৈয়দ শুকুর আলী (শুভ)।

যুগ্ম-সম্পাদক পদে নির্বাচন করছেন মো. মঈন উদ্দিন খান, অমরেশ রায়, হালিম মোহাম্মদ ও মেহেদী আজাদ মাসুম। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন এস এম গাউসুল আজম বিপু, নূরুল ইসলাম হাসিব ও আফজাল বারী।

দফতর সম্পাদক পদে নির্বাচন করছেন মো. জেহাদ হোসেন চৌধুরী ও মোরসালিন আহমেদ। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচন করছেন আহমেদ সিরাজ ও মো. মহসিন হোসেন। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন আরাফাত দাড়িয়া ও মাকসুদা লিসা।

আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচন করছেন সাইফুল ইসলাম মন্টু ও কামাল উদ্দিন সুমন। কল্যাণ সম্পাদক পদে নির্বাচন করছেন মো. এমদাদুল হক খান ও কাওসার আজম।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন এস এম এ কামাল, কামাল মোশারেফ, আব্দুল্লাহ আল কাফি, মোহাম্মদ সাইদুল ইসলাম, আব্দুল হাই তুহিন, মো. শাহাবুদ্দিন মাহতাব, মো. জাফর ইকবাল, এহসানুল হক জসীম, মাহমুদা ডলি ও জান্নাতুল ফেরদৌস পান্না। এই ১০ জনের মধ্যে নির্বাচিত হবেন সাতজন।

পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আছেন সহ-সভাপতি পদে গ্যালমান শফি, অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, নারীবিষয়ক সম্পাদক পদে ঝর্ণা মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনিসুল হক ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী।