রাজধানীসহ দেশব্যাপী ক্যাবল অপারেটরদের দ্বারা পরিচালিত অনুমোদনহীন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটি সূত্র জানায়, বৈঠকে জাতীয় সম্প্রচার নীতিমালা বিষয়ে আলোচনা হয়। এ সময় কমিটির বেশ কয়েকজন সদস্য জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করণের সুপারিশ করে বলেন, রাজধানীসহ দেশব্যাপী ক্যাবল অপারেটররা সরকারের অনুমোদনের তোয়াক্কা না করে নিজেরাই অবৈধভাবে চ্যানেল পরিচালনা করছে। এ সব চ্যানেলে জনস্বার্থ হানীকর বিজ্ঞাপন ও সেন্সর বিহীন অনেক আপত্তিকর অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

একদিকে সরকার বিজ্ঞাপন বাবদ প্রাপ্য রাজস্ব বঞ্চিত হচ্ছে অন্যদিকে আপত্তিকর অনুষ্ঠান সম্প্রচারে সমাজ বিশেষ করে শিশুদের নৈতিক স্খলন ঘটছে। তাই এ সব বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়াটা জরুরি বলে মত দেন তারা।

আলোচনার পরিপ্রেক্ষিতে কমিটি তথ্য মন্ত্রণালয়কে এ সব চ্যানেল বন্ধে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।

এছাড়া বৈঠকে খাদ্যে ভেজাল রোধে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি এ. কে. এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাসানুল হক ইনু, জাহাঙ্গীর কবির নানক, সুকুমার রঞ্জন ঘোষ, সিমিন হোসেন (রিমি), মৃণাল কান্তি দাস, সাইমুম সরওয়ার কমল ও সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) অংশ নেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই