অনলাইন সাংবাদিকতা করতে গিয়ে এখন সবার আগে হিসাব কষতে হয়-এই রিপোর্টটি কতজন পড়লেন? আমরা যাকে বলি হিট! অর্থাৎ হিট করলেন কতজন- সেটাই মুখ্য হয়ে দেখা দেয় সংবাদকর্মীদের কাছে। এই ‘হিটশিল্প’ নিয়ে দুকথা না লিখলেই নয়।
কোনো রকম ভূমিকা ছাড়াই বলি। ১৬ ডিসেম্বর দিনের শুরেু থেকেই বিজয় দিবসের নানা কর্মসূচি নিয়ে প্রচ্ছদের নিউজগুলো আপডেট করা হচ্ছিল। এর মধ্যে একটি নিউজ ছিল খুবই স্পর্শকাতর! এ কারণে আমরা খুবই গুরুত্ব দিয়ে তা পরিবেশন করেছিলাম। শিরোনাম ছিল ‘বিজয় দিবস আসে-যায়, সুদিন আসে না’। নিউজটির প্রতিপাদ্য হচ্ছে-দুজন বিরাঙ্গনার দুঃখগাথা।
তারা হলেন ময়মনসিংহের ফুলপুরের বীরাঙ্গনা সুরবালা সিং ও হালিমা খাতুন। দেশ স্বাধীনের পর থেকেই জীবনের ঘানি টেনে চলেছেন এই বীরাঙ্গনারা। তবে সুরবালা সিং আক্ষরিক অর্থেই ঘানি টানছেন। ঘানি টানার ছবিসহ তার জীবনযুদ্ধের করুণ কাহিনি তুলে ধরা হয়েছে রিপোর্টটিতে। দৃশ্যটা দেখলে যেকোনো বিবেকবান মানুষের মনে সাড়া ফেলতে বাধ্য।
প্রতিবেদনটিতে দেখা যায়, অভাব-অনটন, অবহেলা, বঞ্চনা আর চরম দারিদ্র্যকে সঙ্গী করে এই বিরাঙ্গনা বেঁচে আছেন অনেক সামাজিক বঞ্চনা মাথায় নিয়ে। সুরবালা সিং বলেছেন, বিজয়ের মাস এলেই তার স্মৃতিপটে ভেসে ওঠে ভাই-বোন, মা-বাবাসহ প্রিয়জন হারানোর বেদনার কথা। এক অসহায় বৃদ্ধার সচিত্র করুণ কাহিনি পত্রিকার পাতায় যেভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক তাতে যদি পাঠক না থাকে তাহলে কষ্টটা কোথায়- পাঠক কি অনুভব করতে পারছেন?
খোলসা করে বলি, বেলা সাড়ে ১১টায় আপ করা নিউজটি বিকেল তিনটা পর্যন্ত পড়েছেন মাত্র ১০২ জন। আর ফেসবুকে শেয়ার করেছেন মাত্র দুজন। অর্থাৎ প্রায় সাড়ে তিন ঘণ্টায় একটি নিউজে যে হিট তাকে শুধু পুওর বললে ঠিক হবে না। বলতে হবে ভেরি ভেরি পুওর। কারণ, প্রচ্ছদে রাখা এমন একটি গুরুত্বপূর্ণ খবরের পাঠক সংখ্যা যদি হয় এরকম, তাহলে অনলাইন মাপজোপকারীদের মানদণ্ডে আমাদের পিছিয়ে পড়তে হবে সন্দেহ নেই!
আমার প্রসঙ্গ এখনো শেষ হয়নি। একই প্রচ্ছদে আরেকটি খবরও পরিবেশন করা হয়েছিল এদিন। শিরোনাম ছিল ‘রুবেলকে বিয়ের প্রশ্নই ওঠে না’। কথাটি ছিল নায়িকা হ্যাপির, যিনি গত কয়েক দিন ধরেই পত্রিকার পাতা গরম করে আছেন তারকা ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। ফলে হ্যাপিকে নিয়ে কোনো স্টোরি হলেই ‘হিটের’ কমতি নেই।
হ্যাপিকে নিয়ে তৈরি খবরটি প্রচ্ছদে তোলার ২০ মিনিটের মধ্যেই পাঠক সংখ্যা ছাড়িয়ে গেল এক হাজারের বেশি। শেয়ার হলো ২৮৭টি। যেখানে বিরাঙ্গনা সুরবালা সিংয়ের কপালে জুটল সাড়ে তিন ঘণ্টায় মাত্র ১০২ জন পাঠক। এখন আপনিই বলুন পাঠক, আমরা যাব কোথায়? লেখক: সন্তোষ মণ্ডল, নির্বাহী সম্পাদক (ভারপ্রাপ্ত), রাইজিংবিডি
এএইচ





