প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে দখলদার কমিটি আখ্যা দিয়ে এ কমিটিকে ক্লাবের সদস্যাদের কাছে ক্ষমা চেয়ে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা শওকত মাহমুদ। অন্যথায় আগামী ৪ জুন থেকে কঠোর কর্মসূচী পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত ‘প্রেসক্লাব দখলদারিত্বের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশে’ তিনি এ দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে শওকত মাহমুদ বলেন, ‘গণতন্ত্রের ঐতিহ্যের ধারক জাতীয় প্রেসক্লাব আজ চক্রান্তে আক্রান্ত। দ্বিবার্ষিক সাধারণ সভার নাম করে এক শ্রেণীর সাংবাদিক অবৈধভাবে কমিটি গঠন করেছে। তারা এখন রুম দখল করে বসে আছে।’

তিনি বলেন, ‘এই কমিটিকে যে কোন সময় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি নির্বাচনে জিততে পারেন তাহলে হাতে চুরি পড়ে নিব। যারা এ কমিটিতে আছে তারা কোনও দিনই নির্বাচিত হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতেও অবৈধ এ দখলদারদের কাছে প্রেসক্লাব ছেড়ে দিব না। তাদের কোনও সিদ্ধান্তই আমরা গ্রহন করবো না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

‘অবৈধ কমিটির সিদ্ধান্তের নামে কোন স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিলে এর সমুচিৎ জবাব দেওয়া হবে’ হুঁশিয়ারি উচ্চারণ করে শওকত মাহমুদ বলেন, ‘প্রেসক্লাবের ক্ষমতায় থাকা আমাদের উদ্দেশ্য নয়, এই ঐতিহ্যবাহি ক্লাবের গণতন্ত্র রক্ষাই আমাদের উদ্দেশ্য। এই ক্লাব নিয়ে কোন রাজনীতি চাই না, গণতন্ত্র চাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরি প্রমুখ।

এমএ/এমকে