জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সাংবাদিকগণ দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শনিবার বিকালে ঢাকার পুরানা পল্টনস্থ মুক্তি ভবন (৪র্থ তলা) মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত স্থায়ী পরিষদের প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্যে প্রশিক্ষণ অপরিহার্য। সরকারিভাবে পিআইবি’র মাধ্যমে সাংবাদিকদের অধিক প্রশিক্ষণের উদ্যোগে গ্রহণের জন্যে তিনি আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন স্থায়ী পরিষদের সদস্য সচিব সাজ্জাদুল কবির, সদস্য সামসুল আলম জুলফিকার, কাজী সিরাজুল ইসলাম ও শাহাদাত হোসেন রিটন। আলোচনা শেষে বিগত সময়ে নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
এমএম





