আলজাজিরার বিশ্বজুড়ে তার মিডিয়া নেটওয়ার্ককে আরো শক্তিশালী এবং অবাধ করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সোমবার তারা একটি চুক্তি সম্পন্ন করেছে। চুক্তিটি সম্পন্ন হয়েছে টেলিযোগাযোগ বিষয়ক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান 'ওরেডু'র সঙ্গে। এই চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে একটি 'মিডিয়া ক্লাউড' গড়ে তুলবে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন ও অনলাইন নেটওয়ার্ক এবং নিউজ এজেন্সি আলজাজিরা। খবর আলজাজিরার।

এই চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে আলজাজিরার ব্যুরোগুলোর মধ্যে যোগাযোগ আরো শক্তিশালী ও গতিশীল হবে। গতিশীল হবে আলজাজিরায় প্রকাশিত ভিডিও শেয়ারিং এবং ব্রেকিং নিউজ শেয়ারিং। মুহূর্তের মধ্যেই আলজাজিরার ভিডিও ও ব্রেকিং নিউজ এবং অন্যান্য নিউজ সার্ভিস পৌঁছে যাবে বিশ্বজুড়ে পাঠক ও শ্রোতার কাছে।

সোমবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলজাজিরার ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তফা সুয়াগ, আলজাজিরার চেয়ারম্যান হামাদ বিন থামের আল থানি, ওরেডুর চেয়ারম্যান আবদুল্লাহ বিন মোহাম্মেদ বিন সৌদ আল থানি এবং অরেডুর প্রধান নির্বাহী কর্মকর্তা সৌদ বিন নাসের আল থানি।

উল্লেখ্য, আলজাজিরা হচ্ছে কাতারের দোহাভিত্তিক নিউজ চ্যানেল। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত আলজাজিরার বিশ্বজুড়ে রয়েছে ৭০টিরও বেশি ব্যুরো। এর ব্যুরোগুলো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকাসহ প্রায় সারাবিশ্বজুড়েই বিস্তৃত।

এমএ