আসন্ন পবিত্র রমজান মাসের আগেই দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন ও দৈনিক আমারদেশসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবী জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র নেতৃবন্দ।

দর্শকপ্রিয় টেলিভিশন চ্যানেল দিগন্ত টিভি বন্ধের তিন বছরপূর্তি উপলক্ষে বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদকি ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে এ দাবী জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন দেশপ্রেমিক জনগোষ্ঠী, বিশেষত: ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয় চ্যানেল ছিল। বিশেষ করে রমজান মাসে এ দু’টি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠান থেকে রোজাদার মুসলমানরা মাসলা-মাসায়েলসহ ধর্মীয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেত।

তিন বছর আগে ৬ মে রাতের অন্ধকারে সম্পূর্ন গায়ের জোরে চ্যানেল দু’টির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। তখন বলা হয়েছিল- সাময়িকভাবে সম্প্রচার বন্ধ করা হয়েছে। অভিযোগ তদন্ত করে সম্প্রচার পুনরায় চালুর ব্যবস্থা নেয়া হবে।

কিন্তু দু:খজনকভাবে সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ তিন বছরেও শেষ হয়নি। অভিযোগ প্রমান হয়েছে-এমন তথ্যও সরকার জনগণকে জানাতে পারেনি। ফলে তিন বছর ধরে চ্যানেল দু’টির অগণিত দর্শক বস্তুনিষ্ঠ সংবাদ ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, চ্যানেল দু’টি বন্ধের কারণে কয়েকশ’ সাংবাদিক ও কলাকুশলী তিন বছর ধরে দুর্বিষহ বেকার জীবন যাপন করছে। এছাড়া পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক আমার দেশও তিন বছরের বেশী সময় বন্ধ করে রাখায় সেখানেও শত শত সংবাদকর্মী বেকার।

সাংবাদিক নেতারা আশা প্রকাশ করে বলেন, রহমত, বরকত, মাগফিরাত ও সংযমের মাস রমজান সমাগত। আমাদের প্রত্যাশা সরকার দিগন্ত টিভি, ইসলামিক টিভি, আমার দেশসহ বন্ধ গণমাধ্যম রমজানের আগে খুলে দিয়ে হাজারো সংবাদকর্মীর বেকারত্বের অবসান ঘটাবেন।

একই সঙ্গে দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ, যায় যায় দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান, একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামসহ কারাবন্দী সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের রমজানের আগেই মুক্তি দেবে।

এমবি