জানা গেছে, সমাবেশের মিডিয়া উপকমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু ও সদস্যসচিব আতিকুর রহমান রুমনের স্বাক্ষর রয়েছে এই কার্ডে।
গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরীর একটি হোটেলের সম্মেলনকক্ষে এই কার্ড বিতরণ করা হয়।
এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) শুক্রবার রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, সমাবেশের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের মধ্যে বিএনপির দেওয়া মিডিয়া কার্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ কারাবন্দি এক আসামির ছবি ছাপা হয়। এ কারণে মিডিয়া কার্ডটি আরইউজের পক্ষ থেকে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এই বিবৃতিতে আরও বলেন, আমরা গণমাধ্যমকর্মীরা কেউ সমাবেশস্থলে এই কার্ড গলায় ঝুলিয়ে বা সঙ্গে নিয়ে যাব না। এর পরও সমাবেশে যদি ঢুকতে বাধা দেওয়া হয়, তাহলে আমরা সমাবেশ বয়কট করব।
পরে অবশ্য দলের পক্ষ থেকে সাংবাদিকদের বিএনপির ইস্যু করা কার্ড না নিয়ে আসতে বলা হয়েছে। এ নিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তারা আপত্তি তোলার পর বিএনপির পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, সাংবাদিকদের এই ধরনের কার্ড ঝোলানোর দরকার নেই। তারা কার্ড ছাড়াই প্রবেশ করতে পারবেন।
এবিএস





