প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সম্মানে প্রযোজনা প্রতিষ্ঠান সমন্বিত সাংস্কৃতিক সংসদ’র (সসাস) ইফতার মাহফিলের আয়োজন করে।
শনিবার (০৩ জুন) রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
সসাসের নির্বাহী পরিচালক হাসান আতিক এর সভাপতিত্বে ও সহকারী নির্বাহী পরিচালক অভিনেতা মনিরুল ইসলাম এর উপস্থাপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি আল মুজাহিদী এবং প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, আবৃত্তিকার শরীফ বায়েজিদ মাহমুদ, কবি মোশাররফ হোসেন খান, কবি সোলায়মান আহসান, কবি হাসান আলীম, সসাসের সাবেক নির্বাহী পরিচালক শাহাদাত উল্লাহ টুটুল, আলমগীর হোসাইন।
আরও উপস্থিত ছিলেন গীতিকার-সুরকার এম সাইফুল আরেফিন, জনপ্রিয় কণ্ঠশিল্পী মশিউর রহমান, গীতিকার ও সুরকার গোলাম মাওলা, সুরকার লিটন হাফিজ চৌধুরী নাট্যকার আবদুল্লাহিল কাফি প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজাতীয় সংস্কৃতির কবলে আজ পুরো রাষ্ট্রব্যবস্থা। গ্রীক দেব দেবির কাহিনীকে আমাদের সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত করার অপচেষ্টা চলছে। হাইকোর্টের সামনে গ্রীক দেবির মুর্তি স্থাপন অতঃপর স্থানান্তর করে আবারো হাইকোর্ট এর পেছনে প্রতিস্থাপন কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রধান আলোচক অধ্যাপক মুহাম্মদ মতিউর রহমান বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। যদি সংযমের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি করতে পারে তবে তার মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি হয় আল্লাহর নিকট। কুরআন নাযিলের এ মাসে আমরা যদি সেই কুরআনের বিধান রাষ্ট্রের সকল পর্যায়ে চালু করতে পারি তবেই হবে রমজানের স্বার্থকতা।
এমবি





