গ্রহণযোগ্য ও সমন্বিত সম্প্রচার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে ‘স্বাধীন সম্প্রচার কমিশন’গঠনের বিকল্প নেই বলে মতামত দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জাতীয় সম্প্রচার নীতিমালা: আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ মতামত দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও পিআইবির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুপারনিউমারী অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।

ঢাকি উপাচার্য বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাধীনতা ভোগের পাশাপাশি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠতার প্রতি যত্নবান হতে হবে।

দ্রুত সম্প্রচার কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক শেখ আব্দুস সালাম বলেন, গণমাধ্যমের মালিক, সংশ্লিষ্ট ব্যবস্থাপনা এবং পেশায় নিয়োজিত গণমাধ্যম কর্মীদের পেশাদারিত্ব তথা বস্তুনিষ্ঠতা ও জবাবদিহিতার প্রতি অবিচল থাকার অঙ্গীকার অপরিহার্য। এ বিষয়গুলোর সমন্বয় করেই নীতিমালায় এই সবকিছু ঠিক করতে হবে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ