জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে শিক্ষক নেতারা প্রেস ক্লাবের কর্মচারীদের বকশিশ দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক সাংবাদিক পরিচয় দিয়ে শিক্ষক নেতাদের কাছ থেকে ২ হাজার টাকা আদায় করেন।
এর ১৫ মিনিট পর কনফারেন্স লাউঞ্জে আরেকটি অনুষ্ঠান শুরু হলে অর্থ আদায়কারীদের একজন রায়হান সাংবাদিকদের সারিতে এসে বসেন। এ সময় প্রেস ক্লাবের কর্মচারী সঞ্জয় বড়ুয়া এসে অর্থ আদায়ের জন্য তাকে জনসম্মুখেই গালিগালাজ শুরু করেন।
সঞ্জয় বড়ুয়া টাইম নিউজকে বলেন, ‘কয়েকজন ভুয়া সাংবাদিক প্রতিনিয়তই এখানে এসে ১০০ টাকা থেকে হাজারাধিক ও অর্থ আদায় করে। তারা বিভিন্ন সংগঠনকে বলে বেড়ায় যে, তারা নাকি একাধিক পত্রিকায় নিউজ প্রকাশ করে দেবে।’
এ সময় ঘটনাস্থলে থাকা একাধিক সাংবাদিক ও রায়হানের সামনেই সঞ্জয় বড়ুয়া প্রতিবেদককে জানান, ওর কাজ হল সাংবাদিকদের ভিজিটিং কার্ড সংগ্রহ করা। তারপর ওই পরিচয় দিয়ে অর্থ আদায় করে। প্রায়ই তাকে অর্থ নিতে দেখা যায়।
সাংবাদিক পরিচয় দেওয়া রায়হান টাইম নিউজকে বলেন, ‘মাসুম নামে আরেকজন আছে, সে টাকা নিয়েছে, আমি সঙ্গে ছিলাম।’
সাংবাদিক না হয়ে প্রেস ক্লাবে কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘পরিচিত সংগঠন তাই এসেছি।’
সংগঠনের নাম কী জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে দৌড়ে তিনি প্রেস ক্লাব এলাকা ত্যাগ করেন।
এমএ





