সাময়িক নিষেধাজ্ঞার কালোমেঘে ঢাকা দিগন্তের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেলটির কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে আগামীকাল (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদী সংহতি সম্মেলনের ডাক দিয়েছে দিগন্ত পরিবার।

প্রেসক্লাবের হলরুমে সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেশবরেণ্য গুনীজন, সতীর্থ ও শুভানুধ্যাায়ীদের এ সম্মেলনে যোগ দেয়ার জন্য দিগন্তের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে।

সম্মেলন উপলক্ষে দিগন্তের পক্ষ থেকে পাঠানো নিমন্ত্রন পত্রে বলা হয়, সত্য ও সুন্দরের পক্ষে অঙ্গীকারাবদ্ধ দিগন্ত টেলিভিশনের চলার পথের প্রতিবন্ধকতা আজও অপসারিত হয়নি। সম্প্রচার নিষেধাজ্ঞার 'সাময়িক' প্রাচীর পনের মাস অতিক্রম করে আজও সত্য প্রচারের পথ অবরুদ্ধ করে দাঁড়িয়ে আছে।

"বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ পরিবেশনা, পক্ষপাতহীন গঠণমূলক সংবাদ পর্যালোচনা, বাংলাদেশের জীবনজয়ী মানুষের আবহমান সংস্কৃতির স্বাতন্ত্র রক্ষায় দিগন্ত টেলিভিশনের দৃঢ় ভূমিকা বিপুল দর্শকের আস্থা ও সমর্থন লাভ করেছিল। এই অর্জনই আজ আমাদের দু:সময়ের দুস্তর পারাবার পাড়ি দেয়ার মূল প্রেরণা।"

নিমন্ত্রন পত্রে আরও বলা হয়, সম্প্রচার নিষেধাজ্ঞার যে কালো মেঘ গত ৬ মে ২০১৩ দিগন্তকে ঢেকে দিয়েছিল তা আজ সারা দেশজুড়ে মহাপ্রলয়ের অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে। দেশের সকল গণমাধ্যম শৃঙ্খলিত হওয়ার আশঙ্কায় আজ শঙ্কিত। এই দুর্যোগময় প্রেক্ষাপটে অবরুদ্ধ দিগন্ত টেলিভিশন ষষ্ঠ বর্ষ অতিক্রম করে সপ্তম বর্ষে পদার্পন করতে যাচ্ছে।

সত্য ও সুন্দরের জন্য খুলে দাও দিগন্ত এই দাবির সমর্থনে সবাইকে বৃহস্পতিবারের সম্মেলনে যোগ দেয়ার জন্য দিগন্ত টেলিভিশন কর্তৃপক্ষ জোর আবেদনও জানায় নিমন্ত্রন পত্রে। পাশাপাশি সম্মেলনের সংবাদ গুরুত্বের সাথে পরিবেশনের জন্য দেশের সকল গণমাধ্যমের প্রতিও উদাত্ত আহবান জানানো হয় চ্যানেলটির পক্ষ থেকে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ-এর সুইচ অনের মধ্য দিয়ে দিগন্ত টেলিভিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি