শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ডিএসসিসির ক্লিনিং ডে উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার চেষ্টা করছে সিটি করপোরেশন। এ বিষয়ে হকার সংগঠনগুলোর নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে তাঁরা সম্মত হলেও অনেক হকার তা মানছেন না।
ডিএসসিসি প্রশাসক জানান, কয়েক দিনের মধ্যে হকারদের নিবন্ধনের আওতায় আনা হবে। তাঁদের পরিচয়পত্র দেওয়া হবে এবং প্রত্যেকের জন্য নির্দিষ্ট নম্বর বরাদ্দ করা হবে। নিবন্ধনের বাইরে কাউকে রাজধানীতে হকারি ব্যবসা করতে দেওয়া হবে না।
তিনি বলেন, রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে হকার বসার অনুমতি দেওয়া হয়েছে। যেসব স্থানে ফুটপাত প্রশস্ত এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটবে না, সেসব জায়গায় হকাররা বসতে পারবেন। এর মধ্যে গুলিস্তান ও নিউমার্কেটের কিছু এলাকা রয়েছে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ফুটপাতে কিংবা মূল সড়কে হকার বসার অনুমতি নেই।
যেসব এলাকায় সড়কে হকার বসবেন, সেসব এলাকার ফুটপাতেও হকার বসতে দেওয়া হবে না বলে জানান আবদুস সালাম। ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবৈধভাবে হকার বসানো বন্ধে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। পাশাপাশি সড়ক দখল ও যান চলাচলে প্রতিবন্ধকতা এড়াতে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগের আহ্বান জানান।
নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য নির্দিষ্ট স্থানে পলিথিন বা বড় পাত্রে জমা রাখতে হবে। পরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সেখান থেকে বর্জ্য সংগ্রহ করবেন। ঝাড়ু দিয়ে ময়লা ফুটপাত বা সড়কে ফেলা যাবে না।
তিনি বলেন, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর সড়কগুলোতে ময়লা প্রায় দেখাই যায় না। কিন্তু সকাল ৮টার পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলো আবার ময়লায় ভরে যায়। এ পরিস্থিতি পরিবর্তনে টিস্যু ও অন্যান্য বর্জ্য যত্রতত্র না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, শহর যত পরিচ্ছন্ন থাকবে, রোগবালাইয়ের ঝুঁকি তত কমবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আবদুস সালাম জানান, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। এ কর্মসূচি পরিদর্শনে প্রধানমন্ত্রী যেকোনো সময় নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পারেন। ডিএসসিসির পক্ষ থেকেও বিভিন্ন এলাকায় গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারক করা হবে।
বক্তব্য শেষে ডিএসসিসি প্রশাসক সায়েন্সল্যাব মোড় থেকে নীলক্ষেত মোড় হয়ে আবার সায়েন্সল্যাবে ফিরে যান। এ সময় তিনি সড়কের পাশে ময়লা-আবর্জনা পড়ে আছে কি না, তা পরিদর্শন করেন এবং যেসব স্থানে ময়লা দেখতে পান, সেগুলো দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে বসানো ভাসমান দোকানও উচ্ছেদ করা হয়।
এস
















