সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
আজ শনিবার (১৭ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এই দাবি জানান।
বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেছেন, সাংবাদিক নাদিম হত্যা একটি পরিকল্পিত ঘটনা। এর সঙ্গে শুধু চেয়ারম্যানই নন, আরও অনেকেই জড়িত। তাদের খুঁজে বের করতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, নাদিম মূলত সাংবাদিকতাই করতেন। এর ফলে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যে ইউপি চেয়ারম্যানের নির্দেশে খুনিরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা সবাই আওয়ামী লীগের ছত্রছায়ায় রয়েছে। কিন্তু তারা মূলত স্বাধীনতাবিরোধী শক্তি। এদের মুখোশ উন্মোচন করতে হবে। এমনকি এই ইউপি চেয়ারম্যানের পেছনের শক্তি কে, সেটাও বের করতে হবে।
সাধারণ সম্পাদক দীপ আজাদ বলেছেন, দেশজুড়ে যারা প্রকৃত সাংবাদিকতা করছেন, আমরা তাদের শত্রুদের তালিকা প্রকাশ করতে চাই। আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি। কোনো সাংবাদিক হত্যার পরিপূর্ণ বিচার হয়নি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো উদ্যোগ নেননি। তার প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, তা ব্যর্থ হয়েছে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, দেশটা আংশিক স্বাধীন দেশ। কারণ এই দেশে সবকিছুর বিচার হলেও সাংবাদিক হত্যার বিচার হয় না। তথ্য মন্ত্রণালয় গত ৪৮ ঘণ্টায়ও নাদিম হত্যার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তথ্যমন্ত্রীকে বলতে চাই, আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে নাদিমের পরিবারের প্রতি সহায়তা নিশ্চিত করুন।
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, যুগ্ম-সম্পাদক আলম খায়রুল, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম প্রমুখ।
এবিএস





