ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে অন্যতম সিনিয়র বিনোদন সাংবাদিক আওলাদ হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

ডিআরইউ প্রাঙ্গণে শুক্রবার জুমার নামাজের পর আওলাদের মরদেহ আনা হয়। এ সময় ডিআরইউ’র সাধারণ সম্পাদক ও সভাপতিসহ মরহুমের দীর্ঘদিনের সুহৃদ ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘ডিআরইউ ইতোমধ্যে গ্রুপ বীমা চালু করেছে। আওলাদ হোসেনও এ সুবিধার অন্তর্ভুক্ত। আমি বীমা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আগামী ১০ দিনের মধ্যে তার পরিবারের হাতে দু’লাখ টাকা হস্তান্তর করতে পারব। এ ছাড়া প্রয়াত সদস্যদের সন্তানদের জন্য যে শিক্ষা ভাতা চালু করেছি তার পরিবার চাইলে সেটাও করে দেওয়া হবে।’

জানাজা শেষে আওলাদের মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল মানবজমিনে নেওয়া হয়। সেখান থেকে তার লাশ এফডিসি ও চ্যানেল আইয়ে নেওয়ার কথা রয়েছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বৃহস্পতিবার রাত ৩টার দিকে আওলাদ হোসেনের মৃত্যু হয়।

জেআই