রাজধানীর আদাবরে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের রিপোর্টার সাব্বির আহমদের (২৫) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা বলে জানিয়েছে পুলিশ।
আদাবর শেখেরটেকের ১২ নম্বর রোডের এইটাইম হসপিটালের সামনে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সাব্বিরের বন্ধু রাজিব বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে শেখেরটেকের নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয় সাব্বির।
শেখেরটেকের ১২ নম্বর রোডের এইটাইম হসপিটালের সামনে গেলে তিন যুবক পেছন থেকে সাব্বিরের গলায় চাপাতি দিয়ে আঘাত করে। সাব্বির চিৎকার দিলে তারা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওয়েলফেয়ার নামক একটি ক্লিনিকে ভর্তি করে। চাপাতির আঘাতে কেটে যাওয়ায় গলায় দুটি সেলাই দেওয়া হয়েছে। অবস্থা বেশি গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটি পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে। কারণ, ছিনতাইকারী হলে তারা সাব্বিরের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতো।’
এ বিষয়ে আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘এটা পরিকল্পিত হামলা নাকি ছিনতাই, এখনও বলা যাচ্ছে না। যেহেতু ভুক্তভোগী সাব্বির এখনও কোনো ধরনের অভিযোগ করেননি।’
এমকে





