বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে (সিটিভি) ৬ ঘণ্টার একটি স্বতন্ত্র চ্যানেল হিসেবে সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক আবদুল মান্নান।
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত একটি পরিপূর্ণ চ্যানেল হিসেবে সিটিভির সম্প্রচার চলবে বলে জানান তিনি।
সোমবার সিটিভি কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম : স্বতন্ত্র চ্যানেলে ৬ ঘণ্টা সম্প্রচার’ বিষয়ে পরামর্শ সভায় এসব তথ্য জানান তিনি। সভায় চট্টগ্রামের রাজনৈতিক, শিল্পী-সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।
সভায় বিটিভি’র মহাপরিচালক আবদুল মান্নান বলেন, সিটিভিকে ৬ ঘন্টার স্বতন্ত্র একটি চ্যানেল হিসেবে সম্প্রচারের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। এতে রাত ৮টায় বিটিভির খবরটি সম্প্রচার করা হবে। এজন্য ৩৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রটি ঢাকা কেন্দ্রের কোন ডামি হোক সেটা আমরা চাইনা। এখানে অনুষ্ঠানের মান নিয়ে কোন ধরনের কম্প্রোমাইজ করা হবেনা।
তিনি বলেন, সিটিভির মাধ্যমে চট্টগ্রামকে বড় করে তুলে ধরতে হবে। সৃজনশীল-সৃষ্টিশীল মানুষদের নিয়ে কাজ করা হবে। যত দ্রুত সম্ভব সিটিভিতে সব ধরনের যন্ত্র এবং যন্ত্রী দেয়া হবে। যত টাকাই লাগুক এ কাজে ব্যয় করা হবে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, সিটিভিকে পূর্নাঙ্গ চ্যানেল হিসেবে চালুর জন্য চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। প্রধানমন্ত্রীর চট্টগ্রামের প্রতি আলাদা একটা টান আছে। এখন ৬ ঘন্টার পূর্ণাঙ্গ টেলিভিশন হিসেবে চালুর জন্য দক্ষ লোকবল দরকার।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকার ৯৬ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কেন্দ্রটি চালু করেছিলেন। পরবর্তী সরকার এসে এটাকে আর গুরুত্ব দেয়নি। অনভিজ্ঞ লোকদের ঢাকা থেকে শাস্তিমূলকভাবে বদলি করে এ কেন্দ্রে পাঠানো হয় বলেই এখানে ভালো মানের অনুষ্ঠান হয়না।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, প্রথম থেকেই এ কেন্দ্রে (সিটিভি) উপযুক্ত জনবল ছিলনা। এখন ৬ ঘন্টার অনুষ্ঠান চালানো অনেকটা চ্যালেঞ্জিং, তবে অসম্ভব কিছু নয়। এর জন্য পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। বাজেটে নিশ্চিত করতে হবে।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামের গুরুত্ব এ টিভি কেন্দ্রের মাধ্যমে তুলে ধরতে হবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি এজাজ ইউসুফী বলেন, এ কেন্দ্রের সকল শিল্পী-কলা কুশলীদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, রবীন্দ্র সংগীত শিল্পী শীলা মোমেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মৃণাল ভট্টাচার্য, শিল্পী শেখ শহীদুল আনোয়ার, শিল্পী আলাউদ্দিন তাহের, আবৃত্তি শিল্পী অঞ্চল চৌধুরী, নৃত্যশিল্পী শুভ্রা সেনগ্রপ্তা। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন বিটিভির পরিচালক জানেসার ওসমান।
এএইচ





