সিলেটে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আব্দুল্লাহ আল নোমানের ওপর হামলা করেছেন ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে এমসি কলেজ ক্যাম্পাসের অডিটরিয়ামের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট আব্দুল্লাহ আল নোমান এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে অধ্যায়নরত।
বৃহস্পতিবার সার্টিফিকেটের কাজে তিনি কলেজে যান। ঘটনার সময় কলেজ অডিটরিয়ামের সিঁড়ির সামনে অবস্থানকালে ছাত্রলীগের সাইদুল ও অভির নেতৃত্বে ৮/১০ জন নোমানের ওপর হামলা চালায়। ছাত্রলীগ তাকে কুপিয়ে জখমও করে।
আহত আব্দুল্লাহ আল নোমান জানান, ছাত্রলীগ ক্যাডাররা অতর্কিতভাবে তার ওপর হামলা করেন। ধারালো অস্ত্র দিয়ে হামলাকারীরা তার হাত ও মাথায় আঘাত করেন। এসময় অন্য ছাত্রলীগ ক্যাডারদের হাতে থাকা বেল্ট দিয়ে আঘাত করেন।
প্রাণ রক্ষায় নোমান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভবনে আশ্রয় নেন। এক পর্যায়ে সেখানেও সন্ত্রাসীরা তার ওপর হামলা করেন।
পরে এমসি কলেজ ছাত্রলীগের অনিক নামের একজন হামলাকারীদের হাত থেকে তাকে রক্ষা করে একটি সিএনজিচালিত অটোরিক্শায় তুলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি জানান, সাম্প্রতিক ‘এমসি কলেজে ছাত্রলীগের আধিপত্য’ নিয়ে একাধিক প্রতিবেদন বাংলানিউজে প্রকাশ হয়। এ কারণে হামলার ঘটনাটি ঘটাতে পারে ছাত্রলীগ।
এদিকে, খবর পেয়ে অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা ও শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এসএম রুকন উদ্দিন বলেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক, তাদের গ্রেফতার করা হবে।
ঘটনার পর পরই সাদা পোশাকে পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
জেএ





