নাগরিকদের টেলিফোনে আড়িপাতার দায়ে ব্রিটেনে বন্ধ হয়ে যাওয়া একটি দৈনিকের সাবেক সম্পাদককে ১৮ মাসের (দেড় বছর) কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ একটি আদালত।
গতকাল শুক্রবার 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড' সম্পাদকের বিরুদ্ধে এ সাজা ঘোষণা করা হয়। অ্যান্ডি কুলসন নামের ওই সম্পাদক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের যোগাযোগ পরিচালক পদেও নিয়োজিত ছিলেন।
গত সপ্তাহেই দোষী সাব্যস্ত হয়েছিলেন অ্যান্ডি কুলসন (৪৬)। গতকাল তার সাজা ঘোষণা করা হয়। তার সঙ্গে গতকাল নিউজ অব দ্য ওয়ার্ল্ডের আরও চার সাংবাদিকের সাজা ঘোষণা করা হয়। ফোনে আড়িপাতার দায়িত্বে থাকা সাবেক প্রতিবেদক গ্গ্নেন মালকেয়ারকে ছয় মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাবেক প্রধান প্রতিবেদক নেভিল থ্রুলবেক ও সাবেক বার্তা সম্পাদক গ্রেগ মিসকিউকে ৬ মাসের কারাদণ্ড এবং সাবেক প্রতিবেদক জেমস ওয়েদারাপকে ৪ মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। পত্রিকাটির প্রকাশনা গ্রুপ নিউজ ইন্টারন্যাশনালের প্রধান রেবেকা ব্রুকসসহ পাঁচ বিবাদীকে গত সপ্তাহেই অভিযোগ থেকে খালাস দেন আদালত।
কুলসন তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করলেও ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে ভয়েস মেইলে আড়িপাতার ষড়যন্ত্রের দায়ে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। কুলসন ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সম্পাদক ছিলেন।
পত্রিকাটির এক সম্পাদক ও এক প্রতিবেদক ফোনে আড়িপাতার দায়ে কারাদণ্ডে দণ্ডিত হলে কুলসন ২০০৭ সালে পদত্যাগ করেন। এর পর তিনি তৎকালীন বিরোধীদলীয় নেতা ডেভিড ক্যামেরনের যোগাযোগ পরিচালক হিসেবে যোগ দেন।
ক্যামেরন প্রধানমন্ত্রী হয়েও কুলসনকে সঙ্গে রাখেন। আড়িপাতার খবর আরও ব্যাপক আকারে প্রকাশিত হয়ে পড়লে ২০১১ সালে ক্যামেরনের সঙ্গ ছাড়তে বাধ্য হন কুলসন।
গত সপ্তাহে কুলসন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ব্রিটিশ এমপিরা এ নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করেন প্রধানমন্ত্রী ক্যামেরনকে। জবাবে পার্লামেন্টে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান ক্যামেরন। বলেন, এ অপকর্মের বিষয়ে কুলসন তাকে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন। তাকে নিয়োগের সিদ্ধান্ত ভুল ছিল বলেও মন্তব্য করেন ক্যামেরন।
সাধারণ নাগরিকসহ রাজপরিবারের সদস্যদের ফোনে আড়িপাতার অভিযোগ উঠলে ২০১১ সালে বন্ধ হয়ে যায় নিউজ অব দ্য ওয়ার্ল্ড। ১৬৮ বছর বয়সী ট্যাবলয়েড পত্রিকাটির মালিক মিডিয়া মোগল রুপার্ট মারডকই বিতর্কের মুখে পত্রিকাটি বন্ধের সিদ্ধান্ত নেন। সূত্র: রয়টার্স ও বিবিসি।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





