ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)।
সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে উগ্রপন্থী দলগুলোর হাতে এ বছর এ নিয়ে চারজন ব্লগার খুন হলো, যা অত্যন্ত নিন্দনীয় ও কাপুরুষোচিত কাজ। এ ধরনের সিরিজ হত্যাকাণ্ড যে কোনো গণতান্ত্রিক দেশের জন্য লজ্জার বিষয়।
এ কারণে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষার্থে ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে আইএফজে।
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর অব্যাহত হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশে সাংবাদিক ও ব্লগারদের জন্য অবনতি হতে থাকা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জুন মাসে দেশটির সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে যোগ দিয়েছিল সংগঠনটি। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সঙ্গে যোগ দেওয়ার পর সে সময় প্রকাশিত এক বিবৃতিতে আইএফজে গণমাধ্যম স্বাধীনতার ওপর হামলা প্রতিহত করতে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছিল।
একইসঙ্গে সংগঠনটি বাংলাদেশের গণমাধ্যম কর্মী এবং ব্লগারদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব নিরাপত্তা ও পূর্ব সতর্কতা অবলম্বন এবং তাদের রিপোর্টিং ও মতামত প্রকাশে পেশাদার নৈতিকতা অবলম্বন করার আহ্বান জানায়।
এএইচ





