বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) মহাসচিব এম আবদুল্লাহ বলেছেন, প্রস্তাবিত সম্প্রচার আইন স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার কফিনে শেষ পেরেক। এই জঘন্য কালো আইনের বিরুদ্ধে দল মত পথ নির্বিশেষে সব সাংবাদিক ও স্বাধীনচেতা মানুষকে রুখে দাঁড়াতে হবে।
তা না হলে সব শ্রেণী পেশা ও বিশ্বাসের মানুষকে আরও চরম মূল্য দিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানকে বায়োবীয় অভিযোগে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করে বিএফইউজে মহাসচিব বলেন, তাদের অপরাধ হচ্ছে সরকারের দু:শাসন, লুটপাট, মানবাধিকার হরণ, গণতন্ত্র ধ্বংস করার বিরুদ্ধে তারা সাহসের সঙ্গে কথা বলেছেন ও কলম ধরেছেন।
গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় প্রেস ক্লাবের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ কারানির্যাতিত হচ্ছে। এই তিন সাংবাদিককে অবিলম্বে মুক্তি না দিলে দেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। কোন ফ্যাসিবাদী সরকারই গণমাধ্যমের কন্ঠরোধ করে নিজেদের পতন ঠেকাতে পারেনি।
আজ বুধবার (২৭ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের হলরুমে এ সভা অনুস্টিত হয়।
অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল। বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি রেজাউল করিম রাজু, সহকারি মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নুর ইসলাম বিএফইউজে’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য হায়দার আলী, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু, যুগ্ম সম্পাদক নুরুন্নবী বাবু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বাবু, দৈনিক সময়ের কাগজ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দৈনিক মাটির পৃথিবীর সম্পাদক এম এ জিহাদ প্রমুখ।
সভায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু, আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল জুয়েল। প্রচার সম্পাদক পদ সৃষ্টির জন্য গঠনতন্ত্র সংশোধনের কথা বলে দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ।
এম আবদুল্লাহ বলেন, শফিক রহমান ও মাহমুদুর রহমানকে যে মামলায় রিমান্ড নেয়া হয়েছে তা আমেরিকার আদালতেই প্রত্যাখ্যাত হয়েছে। তারপরও সাহসী এই দুই সম্পাদকের কন্ঠ ও কলম স্তব্ধ করতে তাদের ওপর নির্যাতনের ষ্টীমরোলার চালানো হচ্ছে।
তিনি বলেন, আমার দেশ বন্ধ ও মাহমুদুর রহমানকে প্রথম যখন গ্রেফতার করা হয়েছে তখন যদি সব সম্পাদক ও সাংবাদিক ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে পারতো তা হলে আজ মাহফুজ আনামকে ৭২ মামলা মাথায় নিয়ে কোর্টে কোর্টে ঘুরতে হতো না।
বিএফইউজে মহাসচিব প্রস্তাবিত সম্প্রচার আইন অবিলম্বে বাতিল করে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য আইন প্রণয়নের আহবান জানিয়ে বলেন, কুষ্টিয়ার নেতা তথ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবলসকে হার মানিয়েছেন। মিথ্যাকে কিভাবে সত্যের মত করে বলতে হয় তা তিনি ভালভাবে রপ্ত করেছেন।
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মুকুল বলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ৩ বছর মেয়াদ পূর্ন হচ্ছে আগামী ১০ অক্টোবর’১৬। তাই গঠনতন্ত্র মোতাবেক আগামী আগষ্ট মাসে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।
যারা নির্বাচনে অংশ গ্রহন করতে চান তারা যেন এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি গ্রহন করেন। সভায় উপস্থিত সকল সদস্য এজেন্ডা ভিত্তি আলোচনা শেষে কন্ঠ ভোটে সকল সিদ্ধান্ত অনুমোদন করেন।
এমই





