অনলাইন দৈনিক জাস্ট নিউজ বন্ধ করে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।
রোববার এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

একই সঙ্গে সাংবাদিক নেতারা অবিলম্বে 'অনলাইন দৈনিক জাস্ট নিউজের' উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে বলেন, সরকারের আচরণ সংবাদ মাধ্যমের জন্য সরাসরি হুমকি। গণমাধ্যমকে ভীতসন্ত্রস্ত করাই এর একমাত্র উদ্দেশ্য বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।

মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি ক্ষমতাসীনরা কতটা রুষ্ট, জাস্ট নিউজ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে বলে নেতারা দাবি করেন।

সাংবাদিক নেতারা বলেন, সরকারের পক্ষ থেকে একদিকে বলা হচ্ছে, ‘গণমাধ্যম ব্যাপক স্বাধীনতা ভোগ করছে’, অন্যদিকে জাস্ট নিউজ, দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান দিগন্ত ও ইসলামি টিভি বন্ধ করার পাশাপাশি গণমাধ্যম ব্যক্তিত্বদের বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি অব্যাহত রেখেছে।

বর্তমান সরকারের এ ধরনের আচরণকে পেশাদার সৎ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি নগ্ন হস্তক্ষেপ বলে সাংবাদিক নেতৃবৃন্দ বিবৃতিতে দাবি করেন। তারা অবিলম্বে সাংবাদিক দমন-পীড়ন, নির্যাতন ও হত্যাকান্ড বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান সাংবাদিক নেতারা।
সাংবাদিক নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ হিসেবে পরিগণিত হচ্ছে। এই বক্র পথ থেকে ক্ষমতাসীনদের ফিরে আসার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
একে