জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ৪দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকী উদযাপন করবে দেশের প্রাচীনতম বেসরকারী নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান নজরুল একাডেমী।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে নজরুল একাডেমীর সাধারন সম্পাদক মিন্টু রহমান একথা জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম -এর ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, ধারাবাহিকতায় স্বর্ণ যুগে নজরুল সঙ্গীত শিল্পীদের স্মরণ, দেশের একমা্ত্র গবেষণাধর্মী নজরুল একাডেমী পত্রিকার ৪২তম সংখ্যা প্রকাশ ও অধ্যাপক মতিউর রহমান প্রণীত গবেষণাধর্মী গ্রন্থ ‘গদ্যশিল্পী নজরুল’ এর মোড়ক উন্মোচন, নজরুল সঙ্গীত –নৃত্য,আবৃত্তিসহ ২২ থেকে ২৫ মে ২০১৫ চার দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করছে নজরুল একাডেমী।
মিন্টু রহমান বলেন, ২২ মে২০১৫ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন কবি পুত্রবধু বেগম উমা কাজী ও কবি নাতনি খিল খিল কাজী।
ঐদিন নজরুল সঙ্গীত নিয়ে গবেষণাধর্মী আলোচনা করবেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মো. ইয়াকুব আলী খান, অধ্যাপক নাশিদ কামাল, সুজিত মোস্তফা ও কবি নাতনি খিল খিল কাজী।
তিনি জানান, ২৩মে বিকাল সাড়ে ৫টায় থাকবে নজরুল একাডেমীর শিক্ষার্থীও শিল্পীদের এক ঘন্টা ব্যাপী মানউন্নয়ন মূলক অনুষ্ঠান এবং দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও রাজধানী ঢাকার বিশিষ্ট শিল্পীবৃন্দের নজরুল সঙ্গীত পরিবেশন।
২৪মে সাড়ে ৫টায় প্রথম পর্বে নজরুল একাডেমী শিক্ষার্থী শিল্পীরা ৪৫ মিনিট ব্যাপী মান উন্নয়নমূলক অনুষ্ঠান পরিবেশন করবে-এরপর ১৫মিনিট ব্যাপী নজরুলের কবিতা আবৃত্তি ও পাঠের আসর বসবে। দ্বিতীয় পর্বে ২ ঘন্টা ব্যাপী নজরুল সঙ্গীত অবলম্বনে নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে।
২৫ মে সকাল ৭টায় জাতীয় কবির সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। বিকাল সাড়ে ৫টায় সমাপ্তি দিবসের মূল অনুষ্ঠানে ৪৪ তম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫জন কৃতি শব্দসৈনিক কে ‘সম্মাননা ২০১৫’ প্রদান করা হবে।
অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিবেশিত ঐতিহাসিক গান ও নজরুল সঙ্গীত পরিবেশিত হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আখতার ইউসুফ, মো. আবুদল হান্নান, যুগ্ম সম্পাদক প্রকৌশলী এম আতিকুর রহমান প্রমুখ।
এমএ/এসএইচ





