আগামি সপ্তাহে ফ্রান্সের কান শহরে শুরু হতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসব। গত জানুয়ারিতে প্যারিসের জিহাদী হামলা এবং সাম্প্রতিক দিনগুলোতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফ্রান্সের দক্ষিণ উপকূলে কান চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকবার বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। এবারো তার ব্যতিক্রম ঘটেনি।
মঙ্গলবার অস্ত্রধারী ও মুখোশ পরা এক ব্যক্তিসহ চারজনের একটি দল বিখ্যাত ক্রয়সেট স্ট্রিপের কার্টিয়ার সেন্টারে হানা দিয়ে এক কোটি ৯০ লাখ ডলার মূল্যমানের জুয়েলারি ও ঘড়ি নিয়ে চম্পট দেয়। ওই এলাকায় সারিবদ্ধভাবে ৭০টির বেশি বিলাসদ্রব্যের স্টোর রয়েছে, যেগুলো মূল্যবান পণ্যসামগ্রীতে ভরপুর।
স্টোর মালিকরা আশা করেন, তাদের স্টোরগুলো কান চলচ্চিত্র উৎসবের সৌন্দর্য বাড়াবে। তবে আশংকা রয়েছে অপরাধীরা এসব স্টোরকে তাদের প্রধান টার্গেট করতে পারে। ২০১৩ সালে এক ব্যক্তি অভিজাত কার্লটন হোটেলে এক প্রদর্শনী থেকে হীরা-খচিত হার ও অন্যান্য জুয়েলারি মিলে ১৪ কোটি ইউরো মূল্যমানের সামগ্রী চুরি করে। সে আর ধরা পড়েনি।
কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে ১২ দিন ধরে পুলিশকে বিশাল জনতার ভিড়ের ওপর কড়া নজর রাখতে হয়।
কানের পুলিশ কমিশনার ফিলিপ জস বলেন, ‘এ সময় লোকসংখ্যা এবং সম্পদ বাড়ে। তাই উৎসব উপলক্ষে চোরের আগমন ঘটে।’
বিলাসবহুল ভিলা, হোটেল ও বুটিক শপগুলোতে পুলিশের টহল টিম কঠোর নজরদারি করে থাকে।
কান শহরটি ফ্রান্সের সবচেয়ে মনিটরকৃত শহর। এখানে ৬৮টি সিসি টিভি ক্যামেরা (অর্থাৎ প্রতি ১৫২ জন বাসিন্দার জন্য একটি) বসানো রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে পুলিশের নজরদারি সহজ হয়।
কানের মেয়র ডেভিড লিসনার্ড বলেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চয়তা পেয়েছেন। গোয়েন্দা নজরদারি কার্যক্রমে নেপথ্যে বিশেষ প্রচেষ্টা থাকবে। এ বছর সমন্বয়ের বিশেষ জোর দেয়া হচ্ছে। প্রথমবারের মতো সকল নিরাপত্তা বাহিনীর জন্য একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার থাকছে।
পাঁচশ’ পুলিশের পাশাপাশি চার কোম্পানী রিজার্ভ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক প্রাইভেট নিরাপত্তা রক্ষী মজুদ রয়েছে।
উৎসবের নিরাপত্তা পরিকল্পনার দায়িত্বে নিয়োজিত ফিলিপ কাস্তানেত বলেন, ‘ঝুঁকির বৈচিত্র্য বিবেচনায় রাখা হয়েছে।’
নৌপথে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হয়েছে। আকাশে ড্রোন উৎক্ষেপন নিষিদ্ধ করা হয়েছে এবং সড়ক পথগুলোর ওপর কড়া নজর রাখা হচ্ছে।
এ ছাড়া আয়োজকরা সামাজিক নেটওয়ার্কের ওপরও নজর রাখছেন।
এসএইচ





